মেহেরপুরের গাংনী ও ফরিদপুরের সদরপুর উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হয়েছে। একই দিন কুষ্টিয়া শহরে বাসের সহকারী নিহত হন। মাগুরার শ্রীপুর উপজেলায় গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় গোলাপী রানী মণ্ডল (৩০) নামে এক গৃহবধূ নিহত হন।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মেহেরপুর: গতকাল শুক্রবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের বজলুর রহমানের ছেলে ফিরোজ হোসেন (১৬) বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়।
বামুন্দী প্রধান সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ফিরোজ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার
কিছুক্ষণ পর সে মারা যায়। সে কাজীপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ছিল। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, ট্রাকটি আটক করা যায়নি।
ফরিদপুর: গতকাল বেলা ১১টার দিকে সদরপুর উপজেলার গাবতলা এলাকার সৌদিয়ান মসজিদের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় একটি ইজিবাইকের চাপায় সায়াদ হোসেন (৭) নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। সে চরভদ্রাসন বিএস ডাঙ্গী গ্রামের সামচুদ্দিন মোল্লার ছেলে। সায়াদ বিএস ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। সদরপুর থানার ওসি মোহাম্মদ আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া: গতকাল সকালে একটি যাত্রীবাহী বাসে করে জনতা ব্যাংক কুষ্টিয়া শাখার কর্মকর্তা-কর্মচারীরা বনভোজনে যাচ্ছিলেন। বাসটি কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে পৌঁছালে বাসের চাকা নষ্ট হয়ে যায়। এ সময় বাসচালকের সহকারী আকাশ কাজী (২৫) নিচে নেমে চাকা মেরামতের কাজ করছিলেন। চালক অসাবধানতাবশত বাসটি পেছনের দিকে সরাতে গেলে চাকায় পিষ্ট হয়ে আকাশ ঘটনাস্থলেই মারা যান। চালক রাকিব হোসেন ও বাসটি আটক করেছে পুলিশ। আকাশ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মহেনদিয়া গ্রামের খলিল কাজীর ছেলে।
মাগুরা: গত বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকায় একটি যাত্রীবাহী বাস অপর একটি শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নসিমনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নসিমনের যাত্রী গোলাপী রানী মণ্ডল, গৌতম মণ্ডল (১৭), বনলতা মণ্ডল (৫০) ও শুভাদ্রা মণ্ডল (৫৫) গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তির পর গোলাপী রানী মারা যান। পুলিশ বাস ও নসিমন আটক করেছে। বাসচালক পালিয়ে গেছেন। গোলাপী রানী শ্রীপুরের দুরাননগরের লক্ষ্মণ মণ্ডলের স্ত্রী।