দুই ছাত্রসহ পাঁচজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান ও বাড্ডায় গত বৃহস্পতিবার রাতে পৃথক ঘটনায় দুই ছাত্রসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন মহাখালীর তিতুমীর কলেজের স্নাতকোত্তর শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নিপুণ আহমেদ (২৮) ও ব্যবস্থাপনা বিভাগের ছাত্র কাজল আহমেদ (২৭), চা-দোকানি মো. রুবেল (২৬), তাঁর স্ত্রী ইয়াসমিন (২২) ও ক্রেতা আলী আকবর।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে নয়টার দিকে তিতুমীর কলেজের ছাত্র নিপুণ ও কাজল গুলশান ১ নম্বরে পুলিশ প্লাজার সামনে সিগারেট পান করেন। তাঁরা সিগারেটের জ্বলন্ত অবশিষ্ট অংশ পাশের ম্যানহোলে ফেলে দিলে বিকট শব্দে বিস্ফোরণ ও আগুন ধরে যায়। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। প্রায় একই সময় বাড্ডার নতুনবাজারে মাদকাসক্ত দুই যুবক একটি চায়ের দোকানে এসে চা বানিয়ে দিতে বলেন। তাঁদের চা দিতে দেরি হওয়ায় তাঁরা ফুটন্ত কেটলির পানি দোকানির দিকে ছুড়ে মারেন। এতে চা-দোকানি রুবেল, তাঁর স্ত্রী ইয়াসমিন ও ক্রেতা আলী আকবরের শরীর ঝলসে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, তাঁদের তিনজন হাসপাতাল ছেড়েছেন। দুজন এখনো হাসপাতালেই আছেন।