দুই ছাত্রসহ পাঁচজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে গতকাল বৃহস্পতিবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এবং কুমিল্লার বুড়িচংয়ে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাতপরিচয় যুবক, সিলেটে অটোরিকশাচালক ও সুনামগঞ্জে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নরসিংদী: জেলার মনোহরদীতে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরাফাত শাকিলের (২০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে উপজেলার বীর আহাম্মদপুর গ্রামে নিজ বাড়ির পরিত্যক্ত একটি ভবন থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি গ্রামের হাজি মো. জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ জানায়, ছেলেটির বাবা হত্যা মামলা করলেও এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
কুমিল্লা: জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের সোন্দ্রম গ্রামের কৃষিজমি থেকে গলায় মাফলার প্যাঁচানো অবস্থায় জুয়েল রানা (২০) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়। তিনি গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। কুমিল্লা কমার্শিয়াল কলেজ থেকে সে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলার অরুয়াইল বাজার এলাকার তিতাস নদে গতকাল অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৬) লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে।
সিলেট: নগরের হাতিমবাগ এলাকার লামাপাড়ার ডোবা থেকে গতকাল বিকেলে সিলেটের শাহপরান থানার পুলিশ সিএনজিচালিত এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করে। তাঁকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যার পর ডোবায় ফেলে যায় বলে পুলিশ ধারণা করছে।
সুনামগঞ্জ: পাঁচ দিন ধরে নিখোঁজ থাকা জেলে দিলোয়ার হোসেনের (৩৮) লাশ গতকাল সকাল ১০টায় গোদারকগাঁও গ্রামের সুরমা নদী থেকে উদ্ধার করে পুলিশ।