দুই ছাত্রসহ বিভিন্ন স্থানে তিনজন খুন
বগুড়ার দুপচাঁচিয়ায় স্কুলছাত্র আরাফাত তালুকদার (৬), সিরাজগঞ্জে সরব আলী (৬৫) ও পাবনার চাটমোহরে কলেজছাত্র ইমতিয়াজ বকুল (১৮) খুন হয়েছেন। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এসব ঘটনা ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:দুপচাঁচিয়া (বগুড়া): উপজেলার পরানপুর গ্রামের প্রবাসী দুলাল তালুকদারের ছেলে আরাফাত তালুকদার বৃহস্পতিবার ইফতারের পর থেকে নিখোঁজ হয়। রাত সাড়ে ১১টার দিকে পাশের পোড়াঘাটা গ্রামের একটি বাঁশঝাড়ে তার লাশ পাওয়া যায়। এ সময় তার দুই হাত পেছনে বাঁধা এবং বুকে ও ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে। আরাফাত পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। এ ব্যাপারে আরাফাতের মা ফাহিমা খাতুন গতকাল থানায় মামলা করেছেন।সিরাজগঞ্জ: সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা গ্রামের বৃদ্ধ সরব আলী বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। দুপুরের দিকে গ্রামবাসী তাঁর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঘোড়াচড়া সেতুর কাছে ধানখেতে লাশ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে বিকেলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. বদিউজ্জামান জানান, নিহত ব্যক্তির শরীরে একাধিক ক্ষতচিহ্ন এবং গলায় গামছা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে ও কুপিয়ে হত্যা করার পর সেখানে ফেলে রাখা হয়েছে।পাবনা: বৃহস্পতিবার রাত আটটার দিকে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের ফজর আলীর ছেলে ইমতিয়াজ বকুলসহ কয়েকজন গ্রামের একটি মুদি দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একই গ্রামের গাজিউল হঠাৎ পুরোনো একটি প্রসঙ্গ তুলে ইমতিয়াজের বাবা ফজর আলীকে বকা দিতে থাকেন। ইমতিয়াজ প্রতিবাদ করলে গাজিউল ও তাঁর সহযোগীরা তাঁকে পেটাতে থাকেন। খবর পেয়ে ফজর আলী এলে তাঁকেও পেটানো হয়। তাঁদের উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখা থেকে গতকাল সকালে ঢাকায় নেওয়ার পথে ইমতিয়াজ মারা যান। তিনি সিরাজগঞ্জ বেসরকারি প্যারামেডিকেল কলেজের ছাত্র ছিলেন।