দুই ছাত্রাবাসের সব শিক্ষার্থীর আসন বাতিল
রাজশাহী মেডিকেল কলেজের শহীদ কাজী নূরুন্নবী ও শহীদ মাঈনুল আহসান পিংকু ছাত্রাবাসের সব শিক্ষার্থীর বরাদ্দকৃত আসন বাতিল করেছে কলেজ কর্তৃপক্ষ। আবারও নতুন করে আসন বরাদ্দ দেওয়ার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
গত বৃহস্পতিবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুই ছাত্রাবাস মিলে আসন সংখ্যা পাঁচ শতাধিক। ৬ এপ্রিল দিবাগত রাতে কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুজন আহত হন। শহীদ কাজী নূরুন্নবী ছাত্রাবাস থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটে। ঘটনা তদন্তের জন্য অধ্যাপক মোসাদ্দেক হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কলেজের অধ্যক্ষ আনোয়ার হাবিব বলেন, সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে দুই ছাত্রাবাসের আসন বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়। রুমমেট পছন্দ করে ৩০ এপ্রিলের মধ্যে পুনরায় সিট বরাদ্দের জন্য শিক্ষার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে। রি-অ্যালোটমেন্ট কমিটির মাধ্যমে আগামী ৪ মে আবার নতুন করে সিট বরাদ্দ দেওয়া হবে।