দুই ছাত্রী ধর্ষণ মামলা : নাঈম-সাদমানের জামিন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগের মামলায় গ্রেপ্তার নাঈম আশরাফ ওরফে আবদুল হালিম ও সাদমান সাকিফের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক জামিনের আবেদন নাকচ করেন।

আদালত সূত্র বলছে, জামিন শুনানির সময় কারাগার থেকে আদালতে আনা হয় নাঈম ও সাদমানকে। এ ছাড়া মামলার প্রধান আসামি শাফাত আহমেদের জামিন আবেদন করা হয়েছে। তাঁর উপস্থিতিতে ৮ জুন জামিনের শুনানি হওয়ার কথা রয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ধর্ষণ মামলার প্রধান আসামিসহ পাঁচ আসামির সবাইকে এর আগে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ, তাঁর বন্ধু নাঈম আশরাফ ওরফে আবদুল হালিম, সাদমান সাকিফ, শাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন। শাফাতের দেহরক্ষী রহমত আলীকে রিমান্ডে নেওয়া হলেও তিনি আদালতে জবানবন্দি দেননি।

তদন্ত তদারককারী এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শাফাত আহমেদ, তাঁর বন্ধু সাদমান সাকিক ও শাফাতের গাড়িচালক বিল্লালের কাছ থেকে জব্দ করা পাঁচটি মুঠোফোন ও একটি পাওয়ার ব্যাংকের ফরেনসিক পরীক্ষা প্রতিবেদন কয়েক দিনের মধ্যেই পাওয়া যাবে। এই পরীক্ষায় মুঠোফোনে ধারণ করা চিত্র ও কথোপকথন উদ্ধার করা সম্ভব হতে পারে। ধর্ষণের শিকার দুই ছাত্রীর ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনও এর আগে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে চেয়ে পাঠানো হয়েছে। ওই কর্মকর্তা বলেন, নাঈম আশরাফের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন কয়েক দিনের মধ্যে তদন্তকারী কর্মকর্তার হাতে আসবে।

২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। তাঁদের মধ্যে এক ছাত্রী ৬ মে বনানী থানায় মামলা করেন।