দুই ছাত্রী হলে চার দিন ধরে পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী হলে সরবরাহকারী পানির পাম্পটি চার দিন ধরে নষ্ট। বিকল্প হিসেবে সিলেট বিজিবি সদর ও সিলেট সিটি করপোরেশন থেকে পানি সরবরাহ করা হলেও তা চাহিদার তুলনায় খুবই কম। পানির সংকট থাকায় ওই দুই হলের প্রায় ১ হাজার ছাত্রী ভোগান্তিতে পড়েছেন।
হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেছা চৌধুরী ও শহীদ জননী জাহানারা ইমাম (প্রস্তাবিত) ছাত্রী হলে পাম্প দিয়ে পানি সরবরাহ করা হয়। গত বুধবার পাম্পটি নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে। কিন্তু পাম্পটি সিলেটে ঠিক করা যায়নি। পরে সেটি ঢাকায় পাঠানো হয়।
এদিকে পাম্প নষ্ট হয়ে যাওয়ায় পানির সংকটে ভোগান্তিতে পড়েন ওই দুই হলের আবাসিক ছাত্রীরা। বিশ্ববিদ্যালয় ও হলের প্রশাসন বিকল্প হিসেবে সিলেট বিজিবি সদর দপ্তর থেকে প্রতিদিন চার গাড়ি খাবার পানি সরবরাহ করছে। এ ছাড়া সিলেট সিটি করপোরেশন থেকে দৈনন্দিন ব্যবহারের জন্য আরও ২০ হাজার লিটার পানি সরবরাহ করা হচ্ছে।
আবাসিক হলের বাসিন্দা ও সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বলেন, সরবরাহকৃত পানি প্রয়োজনের তুলনায় খুবই কম হওয়ায় গত চার দিন তিনি সিলেট শহরে তাঁর ফুফুর বাসায় থাকছেন। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান জানান, রোববার দুপুরের দিকে নতুন পাম্প বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছানোর কথা রয়েছে। এরপর থেকে আর এ সমস্যা থাকবে না।