দুই ছাত্রীকে উত্ত্যক্ত করায় শিক্ষার্থীকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থীকে গণপিটুনি দিয়ে শিক্ষকদের হাতে তুলে দিয়েছেন সাধারণ ছাত্ররা। গত মঙ্গলবার রাতে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার হওয়া শিক্ষার্থীর নাম আবদুর রউফ। তিনি চুয়েটের তড়িৎ কৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ক্যানটিনের পাশে আবদুর রউফ নবাগত এক ছাত্রীর কাছে তাঁর মুঠোফোনের নম্বর চান। ছাত্রীটি নম্বর দিতে অস্বীকৃতি জানালে রউফ তাঁর ভ্যানিটি ব্যাগ কেড়ে নেন। পরে ভ্যানিটি ব্যাগ থেকে মুঠোফোন বের করে নম্বর টুকে নেন এবং ‘অশ্লীল ভাষায়’ ছাত্রীকে হুমকি দেন। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, মঙ্গলবার বিকেলে রউফ ছাত্রীহলের পাশে আরও এক ছাত্রীর সঙ্গে অসদাচরণ করেন। ক্যাম্পাস সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ও বিকেলে দুটি মেয়েকে উত্ত্যক্ত করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এরপর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের ছাত্ররা সংগঠিত হয়ে রউফকে ধরে গণপিটুনি দেন। পরে তাঁকে শিক্ষকদের হেফাজতে দেওয়া হয়। চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসে যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। আমরা আইন অনুযায়ী ছাত্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেব।’