দুই ছাত্রীর সম্মানহানির বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে দুই ছাত্রীর সম্মানহানির ঘটনার বিচার চেয়ে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছে উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া মহাবাগ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে তাদের অভিভাবক ছাড়াও শিক্ষকেরাও অংশ নেন।
ভুক্তভোগী এক ছাত্রীর বাবা অভিযোগ করেন, তাঁর মেয়ের সম্মানহানির ঘটনায় মামলা করায় মো. রানা (২৮) নামের এক যুবক তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। রানা মামলার অন্যতম আসামি।
মানববন্ধনে অংশ নেওয়া বিদ্যালয়ের নবম শ্রেণির দুই ছাত্রী বলে, এলাকার বখাটে যুবকদের আচরণে তারা আতঙ্কিত। একা একা বিদ্যালয়ে যেতে অনেকে সাহস পায় না। পাঁচজন অভিভাবক বলেন, দুই ছাত্রীর এ ধরনের সম্মানহানির ঘটনায় সব অভিভাবক উদ্বিঘ্ন হয়ে পড়েছেন। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দানিসুর রহমান বলেন, শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়লে তাদের লেখাপড়া বাধাগ্রস্ত হবে। এ ধরনের সমস্যা থেকে শিক্ষার্থীদের মুক্ত রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার অনুরোধ করেন তিনি।