দুই ছাত্রীসহ ছয়জন অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে শিক্ষক হারুন-অর-রশিদ হত্যা মামলায় সরকারি মহিলা কলেজের দুই ছাত্রীসহ ছয়জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল মঙ্গলবার সিলেটের মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়। এদিকে অভিযোগপত্রে দেওয়া ঘটনার বর্ণনাকে ‘মনগড়া’ বলে অভিহিত করে পুনঃ তদন্ত দাবি করেছে নিহত শিক্ষকের পরিবার। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগপত্রে মামলার আসামি আবদুল লতিফ ওরফে কাওসার, সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের দুই ছাত্রী, কাওসারের বন্ধু আলিমুল ইসলাম ও মো. রাসেল আহমদ এবং একটি আবাসিক হোটেলের ব্যবস্থাপক লোকমান মিয়াকে অভিযুক্ত করা হয়েছে। হত্যাকাণ্ডের ৫৪টি আলামত অভিযোগপত্রের সঙ্গে পেশ করা হয়।উল্লেখ্য, ২০১০ সালের ২১ মার্চ নগরের গৌড়গোবিন্দ টিলার কাছের চৌহাট্টা এলাকায় খুন হন সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক হারুন-অর-রশিদ।এ ঘটনায় নিহত ব্যক্তির শ্যালক আল আজিম সরকার সিলেটের কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) মহিলা কলেজের দর্শন বিভাগের দুই ছাত্রীসহ রাসেল আহমদ, আলিমুল ইসলাম ও একটি আবাসিক হোটেলের ব্যবস্থাপককে আটক করে। পরে দুই ছাত্রী আদালতে জবানবন্দি দিয়ে খুনের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা ও ঘটনার বর্ণনা দেন।সূত্র জানায়, ওই কলেজের দর্শন বিভাগের দুই ছাত্রী শিক্ষক হারুনের বাসায় প্রাইভেট পড়ার সুবাদে একজন ছাত্রীর প্রতি ওই শিক্ষকের ‘দুর্বল হয়ে পড়ার কারণে’ খুনের ঘটনা ঘটেছে বলে অভিযোগপত্রে বলা হয়। ঘটনার আগের দিন আসামি দুই ছাত্রীর একজনের সঙ্গে শিক্ষকের অনৈতিক কথাবার্তা হয়েছিল। শিক্ষক-ছাত্রীর এমন সম্পর্কের বিষয়টি জেনে এক ছাত্রীর প্রেমিক কাওসার, তাঁর বন্ধু আলিমুল ও রাসেল শিক্ষক হারুনকে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যান। এতে ঘটনাস্থলেই হারুন মারা যান।অভিযোগপত্রে সিলেট নগরের দরগাগেট এলাকার একটি আবাসিক হোটেলের ব্যবস্থাপক লোকমানকে অভিযুক্ত করা হয়। এ প্রসঙ্গে অভিযোগপত্রে বলা হয়, আসামিদের নাম রেজিস্টারভুক্ত না করে হোটেলে বসবাসের সুযোগ করে দিয়ে তিনি হত্যায় সহযোগিতা করেছেন।আদালতে দাখিল করা অভিযোগপত্রের বর্ণনার সঙ্গে দ্বিমত প্রকাশ করে শিক্ষক হারুনের স্ত্রী আফরোজা হারুন বলেন, ‘আমার স্বামী একজন আদর্শবান শিক্ষক হিসেবে তাঁর ছাত্রীদের কাছে পরিচিত। প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হলেও তাঁদের বিরুদ্ধে অভিযোগ দুর্বল করতে মনগড়া কাহিনি দিয়ে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এ অভিযোগপত্রের বর্ণনা কোনোভাবেই সত্য নয়। এ জন্য আমি ঘটনার পুনঃ তদন্ত দাবি করছি।’এ ব্যাপারে সিআইডির তদন্ত কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি। মামলার তদন্তে নিযুক্ত তদন্ত কর্মকর্তাকে সহায়তাকারী সিআইডি সিলেট অঞ্চলের একজন কর্মকর্তা বলেন, ঘটনার পরপরই গ্রেপ্তার হওয়া দুই ছাত্রী আদালতে যে জবানবন্দি দিয়েছিলেন, তদন্তে সেই বিষয়গুলো প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় সে আলোকে অভিযোগ গঠন করা হয়েছে।