দুই ছাত্রীসহ নিহত ৪
দিনাজপুর ও জয়পুরহাটে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। একই দিন বগুড়ায় এক নারী নিহত হয়েছেন।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: বাড়ি থেকে গতকাল সকালে কলেজছাত্রী ববিতা রানী শীল (১৯) ও তাঁর বান্ধবী লিমা রানী রায় (১৮) সাইকেলে করে বোচাগঞ্জের সেতাবগঞ্জ পৌরসভায় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে দকচাই বাজারে একটি ধানবোঝাই ট্রাক পেছন থেকে সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পেছনে বসা ববিতা ট্রাকের চাকার নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ছাড়া লিমা গুরুতর আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ববিতা উপজেলার ঈশানিয়া গ্রামের কৃষক ছবিলাল শীলের মেয়ে। তিনি সেতাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তেন।
চিরিরবন্দর থানা-পুলিশ জানায়, বেলতলী বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সুইটি আক্তার (১৪) গতকাল তার ভাইয়ের মেয়েকে নিয়ে সাইকেল চালিয়ে বেলতলী বাজারে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে আমতলী এলাকায় একটি দ্রুতগামী ট্রাক সাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুইটির মৃত্যু হয়। সুইটি উপজেলার আবদুলপুর গ্রামের সাদেকুর রহমানের মেয়ে।
জয়পুরহাট: পাঁচবিবির নাকুরগাছি এলাকায় দুপুর পৌনে ১২টার দিকে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আবু হাসান (২৮) গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি উপজেলার নাকুরগাছি গ্রামে।
দুপচাঁচিয়া (বগুড়া): কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের কইগাড়ি গ্রামের আকলিমা হোসেন (৩৫) সকালে সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে মালবোঝাই ট্রাক মুরইল ভাগদুবড়া এলাকায় আকলিমাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আকলিমা মারা যান।