দুই ছাত্রের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের দুই ছাত্রের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী৷
গতকাল বুধবার সকালে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড থেকে নয়াবাড়ী পর্যন্ত এক কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন৷ প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচির কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷ সৃষ্টি হয় দীর্ঘ যানজটের৷
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহাবুব খান, শিক্ষানুরাগী সদস্য আপেল হকসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা৷
বক্তারা বলেন, দুই ছাত্রকে মুক্তিপণের দাবিতে অপহরণের পর হত্যার ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷ এক সপ্তাহের মধ্যে দুই হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে৷ কর্মসূচি পালনের সময় উপস্থিত হন শাকিন আলমের বাবা সামসুল আলম ও মা সুমি বেগম৷ বক্তব্য দেওয়ার সময় তাঁরা কান্নায় ভেঙে পড়েন৷ অন্যরাও চোখের পানি ধরে রাখতে পারেননি৷