কুষ্টিয়া মেডিকেল কলেজের দুই ছাত্রের নামে কলেজের দুই হলের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজের একাডেমিক বোর্ডে আলোচনায় এ সিদ্ধান্ত হয়। গত শুক্রবার দুপুরে কুষ্টিয়া শহরের রেনইউইক বাঁধ এলাকায় গড়াই নদীতে গোসল করতে নেমে দুই ছাত্রের করুণ মৃত্যু হয়। এদিকে এ মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক খোন্দকার মোহামঞ্চদ আলী আরও এক মাস সময় চেয়েছেন বলে কলেজ সূত্রে জানা গেছে। কমিটিকে ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। কলেজের অধ্যক্ষ ইফতেখার মাহমুদ বলেন, কলেজের ছাত্রছাত্রীরা জেলার গৃহায়ণ ও গণপূর্তের দুটি আবাসিক ভবন হল হিসেবে ব্যবহার করছে। এর একটি ভবন ছাত্রদের জন্য ফরিদুল হাসান হল, আরেকটি ভবন ছাত্রীদের জন্য রিফাত মজুমদার হল নামে নামকরণের সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময়ে কলেজের অবকাঠামো উন্নয়ন হলে সেখানেও এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। দু-এক দিনের মধ্যে এর নামফলক টাঙানো হবে। এ ছাড়া কলেজ ছুটি থাকায় সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কমিটির আরও এক মাস সময় চাওয়ার আবেদন অনুমোদন করা হয়েছে।