দুই ছাত্রের পা থেকে মাথা পর্যন্ত বেত্রাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ পৌর এলাকার রানী গ্রাম হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষক দুই শিশু শিক্ষার্থীকে পা থেকে মাথা পর্যন্ত বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেছেন।
গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই শিক্ষকের অপসারণসহ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিশুদের পরিবার এবং স্থানীয় লোকজন মাদ্রাসা কমিটি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে বিচারের দাবি করেছেন।
জানা গেছে, গত শনিবার ওই মাদ্রাসার ছাত্র শাকিল খান (৯) ও মাহমুদুল হাসানকে (১০) শৌচাগার পরিষ্কার করতে বলা হয়। তারা শৌচাগার পরিষ্কার করতে ভুলে যায়।
এ ঘটনায় শিক্ষক আবু হোরায়রা ওরফে শাহীন তাঁদের শাস্তি দেওয়ার ভয় দেখান। ভয় পেয়ে তারা কাউকে কিছু না বলে তাদের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভদ্র শিমুল গ্রামে চলে যায়। দু দিন পর গত মঙ্গলবার শিশু দুটির পরিবারের লোকজন শিক্ষকদের মারধর না করার অনুরোধ জানিয়ে তাদের পুনরায় মাদ্রাসায় দিয়ে যান।
গতকাল ভোর চারটার দিকে শিক্ষক আবু হোরায়রা ওই দুই ছাত্রকে ঘুম থেকে ডেকে তুলে দুই দফায় পা থেকে মাথা পর্যন্ত বেত্রাঘাত করেন। এতে মাহমুদুলের হাতের আঙুল ফেটে যায়। পিটুনি খেয়ে শিশু দুটি অসুস্থ হয়ে পড়ে।
ঘটনা শুনে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হন। বেলা একটার দিকে শাকিলের বাবা আবদুল হালিম ও মাহমুদুল হাসানের বাবা আবদুল মজিদ মাদ্রাসায় সন্তানদের অবস্থা বেগতিক দেখে স্থানীয় পৌর কাউন্সিলর মাহবুবুল আলমের কাছে বিচারের দাবি করেন। স্থানীয় বাসিন্দারাও ওই শিক্ষককে বরখাস্ত করাসহ তাঁর শাস্তির দাবি জানান।
শিক্ষক আবু হোরায়রা বলেন, ‘রাগের বশবর্তী হয়ে এমন ঘটনা ঘটিয়েছি।’