নাটোরের লালপুর উপজেলার চিনির বটতলা এলাকায় ঈশ্বরদী-বাঘা সড়কে ট্রাকের নিচে চাপা পড়ে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এদিকে রাজশাহীতে গত শুক্রবার গভীর রাতে গাড়ি উল্টে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাত সদস্য আহত হয়েছেন।
লালপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল বিকেল চারটার দিকে একটি ট্রাক উপজেলার চিনির বটতলা এলাকায় একটি সাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সাইকেলের আরোহী স্কুলছাত্র নীরব কুমার (১৪) ও বিজয় সরকার (৮) দুর্ঘটনাস্থলেই মারা যায়। নীরব স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ও বিজয় তৃতীয় শ্রেণির ছাত্র।
লালপুর থানার ওসি আবদুল হাই তালুকদার বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে।
এদিকে র্যাব-৫ সূত্রে জানা গেছে, তাঁদের একটি টহলদল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নাটোর থেকে ফিরছিল। র্যাব সদর দপ্তরের কিছু দূরে নগরের মোল্লাপাড়া এলাকায় লিলি সিনেমা হলের মোড়ে তাঁদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এএসআই আনিসুর রহমান, নায়েক আবদুস সালাম, এসআই বিমল চন্দ্র, কনস্টেবল ওবায়দুল্লাহ, সাইফুল ইসলাম, ডিএডি মহিদুল ইসলাম ও সিপাহি আতাউর রহমান আহত হন। পরে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক আবুল হেনা মোস্তফা কামাল বলেন, আনিসুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে গতকাল দুপুরে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে।