দুই ছাত্রের লাশ উদ্ধার, আরেক শিশু অপহূত
নারায়ণগঞ্জের মাসদাইর এলাকা থেকে স্কুলছাত্র সিয়াম আহমেদ (১০) নিখোঁজ হওয়ার এক দিন পর গতকাল শনিবার মুন্সিগঞ্জে তার লাশ পাওয়া গেছে। সিয়াম ফতুল্লার মাসদাইরে অবস্থিত আদর্শ স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল এবং একই এলাকার মোস্তফা মাদবরের ছেলে।
একই দিন গাজীপুরের টঙ্গীর গুটিয়া এলাকা থেকে মো. সজীব (১৫) নামের আরেক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় কাজী আবু তালেব মডেল স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল এবং গাজীপুরা এলাকার আবুল হাসেমের ছেলে।
এদিকে গত শুক্রবার ফতুল্লা থেকে আবু রায়হান (৭) নামের একটি শিশুকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সে মুসলিমনগর এলাকার সারোয়ার মোল্লার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।
পুলিশ ও পরিবার জানায়, শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার বাড়ির পাশে মাঠে ব্যাডমিন্টন খেলতে বাসা থেকে বের হয় সিয়াম আহমেদ। রাতে সে আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের পক্ষ থেকে গতকাল সকালে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও শহরের বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। প্রায় একই সময় মুন্সিগঞ্জ থানার পুলিশ মুন্সিগঞ্জের শান্তিনগর গ্রামের মোল্লাবাড়ি কবরস্থানের পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় একটি লাশ উদ্ধার করে। লাশটি মুন্সিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে সিয়ামের লাশ শনাক্ত করেন।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আলম জানান, সিয়ামের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সারোয়ার মোল্লা জানান, ফতুল্লার মুসলিমনগর এলাকার স্পিনিং মিলে চাকরি করেন তাঁর স্ত্রী খোরশেদা বেগম ও জেঠাস জাহেদা বেগম (৩৫)। কয়েক মাস আগে জাহেদার সঙ্গে মোবাইল ফোনে আকাশ নামের এক যুবকের পরিচয় হয়। এই সুবাদে আকাশ জাহেদাকে ধর্মের বোন ডেকে কৌশলে বাড়িতে আশ্রয় নেন। শুক্রবার আকাশ চুল কাটানোর কথা বলে আবু রায়হানকে নিয়ে যান। তার পর থেকেই রায়হান নিখোঁজ রয়েছে। তিনি আরও জানান, আকাশ তাঁর কাছে মোবাইল ফোনে আবু রায়হানকে মুক্তিপণ হিসাবে দুই লাখ টাকা দাবি করেন। অন্যথায় আবু রায়হানকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, এ ঘটনায় জাহেদা বেগমকে আটক করা হয়েছে। ওই ছাত্রকে উদ্ধারের লক্ষ্যে পুলিশের একাধিক দল কাজ করছে। ইতিমধ্যে গাজীপুরসহ কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়েছে।
টঙ্গী মডেল থানার পুলিশ জানায়, ১৬ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার পর মো. সজীব আর বাড়ি ফেরেনি। ১৮ নভেম্বর দুপুরে মুঠোফোনে তার বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ওই দিন তার বাবা আবুল হাসেম বাদী হয়ে টঙ্গী মডেল থানায় একটি অপহরণ মামলা করেন। গতকাল বেলা তিনটার দিকে এলাকাবাসী গুটিয়ার পাশের বিলের পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে আবুল হাসেম ঘটনাস্থলে গিয়ে লাশটি মো. সজীবের বলে শনাক্ত করেন। দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে পানিতে ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।