দুই ছেলে হত্যা: আদালতে বাবার জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ওসমানীনগর উপজেলার চিন্তামণি গ্রামে দুই ছেলে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বাবা ছাতির আলী। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নজরুল ইসলামের আদালতে এ জবানবন্দি দেন ছাতির আলী।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী জানান, গতকাল বুধবার ছাতির আলীকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে যে স্বীকারোক্তি দিয়েছিলেন, আদালতে দেওয়া জবানবন্দিতেও তিনি সবই বলেছেন। এ ঘটনায় ছাতির আলীর স্ত্রী নুরবি বেগম বাদী হয়ে ছাতিরকে একমাত্র আসামি করে মামলা করেছেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্র জানায়, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ছাতির আলী জানান, স্ত্রীর সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। এ কারণে দীর্ঘদিন তাঁর স্ত্রী নুরবি বেগম তাঁর বাবার বাড়ি ছিলেন। সালিসের মাধ্যমে বাড়িতে আনার পর থেকে স্ত্রীর ওপর ক্ষোভ জন্মায়। প্রথমে স্ত্রীকে হত্যা করার উদ্দেশ্য ছিল। পরে স্ত্রীকে হত্যা করতে না পেরে সন্তানদের হত্যা করেন তিনি।

খুনের বর্ণনা দিয়ে ছাতির আলী আদালতকে জানান, ঘটনার দিন ১৪ অক্টোবর সোমবার দুপুর ১২টার দিকে দুই ছেলে আবদুল মুমিন (১১) ও রুজেল আহমদকে (৭) নিয়ে পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে যান। বেলা দেড়টার দিকে বড় ছেলে রুজেলকে দিয়ে কিছু মাছ বাড়িতে পাঠান। এ সুযোগে ছোট ছেলেকে খুন করেন। বড় ছেলে ফিরে এসে ছোট ভাইয়ের খোঁজ করতে থাকলে তখন ছাতির আলী বড় ছেলের মাথায় সুপারিগাছের লাঠি দিয়ে ছয়টি আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন।

গত সোমবার রাতে চিন্তামণি গ্রামের একটি ডোবা থেকে মুমিন ও রুজেলের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় বাবা ছাতির আলী পলাতক ছিলেন। দুই ভাই চিন্তামণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।