ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই ভাই আবদুল মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহী এবং আবদুল মোহাইমিন ওরফে নোমানের বাবা হাফিজ মইন উদ্দিন দাবি করেছেন, তাঁর দুই ছেলে সম্পূর্ণ নির্দোষ। তাঁদের এই মামলায় ফাঁসানো হয়েছে।
সিলেটের কানাইঘাট থেকে মান্নান রাহী ও নোমানকে গ্রেপ্তার করার প্রায় দুই মাস পর গতকাল সোমবার সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তাঁদের বাবা মইন উদ্দিন।
গতকাল দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে হাফিজ মইন উদ্দিন নিজের ও দুই ছেলের রাজনৈতিক পরিচয় তুলে ধরে জানান, তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনি কানাইঘাট উপজেলা ওলামা লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর দুই ছেলের মধ্যে মান্নান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনার্স প্রথম বর্ষের ছাত্র, নোমান এমসি কলেজের বিএ পাস কোর্সের ছাত্র। তাঁরা দুজন ইসলামী ছাত্র মজলিসের রাজনীতির সঙ্গে জড়িত।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মইন উদ্দিন বলেন, ‘অনন্ত হত্যায় আমার দুই ছেলেকে ফাঁসানো হয়েছে। ছেলেসহ আমার পরিবার বঙ্গবন্ধুর আদর্শ লালন করে আসছে। ছেলেরা ছাত্র মজলিস করলেও মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাশীল। অথচ দুই ছেলেকে আটক করে নির্যাতনের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দি আদায় করে সিআইডি পুলিশ। হত্যার হুমকি ও নির্যাতনের ভয় দেখিয়ে দুই ছেলের কাছ থেকে জবানবন্দি আদায় করা হয়েছে।’
১২ মে সকালে সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে অনন্ত বিজয় দাশকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। পেশায় ব্যাংকার অনন্ত বস্তুবাদ ও যুক্তিবাদ নিয়ে ব্লগে লিখতেন। তাঁকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠীরা খুন করেছে—এমন অভিযোগ করে অনন্তর বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাত চার দুর্বৃত্তকে আসামি করে হত্যা মামলা করেন। বিজ্ঞানবিষয়ক ছোটকাগজ যুক্তি সম্পাদনা করার পাশাপাশি সিলেটে বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন অনন্ত।
গত ২৫ মে সিলেটের বিমানবন্দর থানা-পুলিশ থেকে মামলাটির তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর হলে ৭ জুন দৈনিক সংবাদ ও স্থানীয় দৈনিক সবুজ সিলেট-এর ফটোসাংবাদিক ইদ্রিস আলীকে ‘সন্দিগ্ধ’ হিসেবে গ্রেপ্তার করা হয়। ২৮ আগস্ট কানাইঘাট থেকে সিআইডি মান্নান ও নোমানকে গ্রেপ্তার করে।