দুই ছেলেকে বিদেশে পাচার করতে পারে আদম ব্যাপারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ছেলে ফাহাদ হোসেন (১৩) ও ফারহান হোসেন (৫) এবং স্ত্রী শাহিনুরকে এক প্রতারক আদম ব্যাপারির হাত থেকে ফিরে পেতে গতকাল রোববার সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ শফিকউল্ল্যাহ। তাঁর অভিযোগ, রাজধানীর এ আর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক আনোয়ার হোসেন তাঁর দুই ছেলেকে বিদেশে পাচার করে থাকতে পারেন।রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে শফিকউল্ল্যাহ বলেন, গত বছরের ৬ ডিসেম্বর দুই ছেলেসহ স্ত্রী শাহিনুর লক্ষ্মীপুরের গঙ্গাপুরে তাঁর বাবার বাড়ি বেড়াতে যান। ১৫ ডিসেম্বর সেখান থেকে ফুসলিয়ে তাঁদের ঢাকায় নিয়ে আসেন আনোয়ার হোসেন। স্ত্রী-সন্তানের কোনো খোঁজ না পেয়ে ১৮ ডিসেম্বর লক্ষ্মীপুর থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। পরে লক্ষ্মীপুর ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাও করেন। আদালত রমনা থানাকে এ বিষয়ে তদন্তের দায়িত্ব দিয়েছেন। তবে অভিযুক্ত আনোয়ার হোসেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই এখনো নেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ। এ ব্যাপারে রমনা থানার উপ-পরিদর্শক কাজী মাইনুল ইসলাম গতকাল প্রথম আলোকে জানান, ‘আদালতের নির্দেশ অনুযায়ী অভিযুক্ত আনোয়ার হোসেনের এ আর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে আমরা দুই দিন আগে তল্লাশি চালিয়েছি। সেখান থেকে কাউকে পাওয়া যায়নি।’ তল্লাশির দিন আনোয়ার হোসেন ওই কার্যালয়ে ছিলেন না বলে জানান তিনি।