দুই ছেলের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন চান খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর দুই ছেলে তারেক রহমান ও কোকোর জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছিলেন। তিনি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিসের প্রতি এই সমর্থন দেওয়ার জন্য আহ্বান জানান। তিনি রাষ্ট্রদূতকে বলেন, সেনাবাহিনীর সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই।খালেদা জিয়া বলেন, তিনি বাংলাদেশ ছাড়তে প্রস্তুত, তবে সরকার তাঁর জন্য সৌদি আরবের ভিসা জোগাড় করতে ব্যর্থ হয়েছে। গত ৩০ আগস্ট সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করা মার্কিন দূতাবাসের কূটনৈতিক তারবার্তায় এসব কথা বলা হয়েছে।২০০৭ সালের ২৫ মে ঢাকার শেরাটন হোটেলের একটি ছোট অনুষ্ঠানকক্ষে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বিদায়ী সাক্ষাত্ করেন রাষ্ট্রদূত বিউটেনিস। তিনি খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের সঙ্গে একান্তে আলাপ করেন। পরে রাষ্ট্রদূত খোলামেলা এক রাজনৈতিক মতবিনিময়ে যোগ দেন। এতে দলের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন, যাঁদের বেশির ভাগই অপরিচিত। আলোচনার শেষ দিকে এসে যোগ দেন বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া। খালেদা জিয়া যখন তাঁর পয়েন্টগুলো উপস্থাপন করছিলেন, তখন মান্নান ভূঁইয়া গম্ভীরভাবে মাথা নেড়ে তাতে সায় দেন। রাষ্ট্রদূত বলেন, ‘এমনকি সেদিন পৃথক এক বৈঠকে মান্নান ভূঁইয়া আমাদের যা বলেছিলেন, খালেদা জিয়া যখন সেই বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন, তখনো মান্নান ভূঁইয়াকে মাথা নাড়তে দেখা যায়।’খালেদা জিয়ার পুত্রবধূ জোবাইদা রহমান আবেগসহকারে বলেন, তারেক রহমানের বিপুল জনপ্রিয়তা ও দেশের সেবায় তাঁর দৃঢ়সংকল্পে ঈর্ষান্বিত হয়ে তাঁর স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অন্যায় আচরণ করা হয়েছে। ২০০৩ সালের চিকিত্সাসংক্রান্ত প্রতিবেদন হস্তান্তর করে তিনি বলেন, মেডিকেল গ্রাউন্ডে তারেককে জামিন দেওয়া উচিত।খালেদা জিয়া ও জোবাইদা জোরালোভাবে এ বক্তব্য নাকচ করে দেন যে তাঁদের পরিবারের কোনো সদস্যের বিদেশে অর্থ কিংবা সম্পত্তি আছে। খালেদা জিয়া বলেন, দুর্নীতির অপবাদ দেওয়া হলেও তাঁর পরিবার দুর্নীতিগ্রস্ত নয়।খালেদা জিয়া বলেন, তারেক ও খুবই অসুস্থ কোকোর বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নেওয়ায় তিনি বিস্মিত। তাঁর মন্তব্য, ‘আমরা একই পরিবারের অথচ তারা আমার সঙ্গে কথা বলেনি।’ তাঁর প্রশ্ন, ‘আমাকে বলুন, তারা কী চায়? কেন তারা আমার বিরুদ্ধে?’খালেদা জিয়ার পরিবারের ভোগান্তির জন্য রাষ্ট্রদূত দুঃখ প্রকাশ করেন। তবে তিনি তাঁদের বলেন, কোনো স্বতন্ত্র ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় হস্তক্ষেপ করতে পারে না। তিনি বলেন, ‘যখন দুই দলের কারাবন্দী নেতাদের আত্মীয়স্বজন আমাদের সমর্থন চান, তখন আমরা তাঁদের বলি যে আমরা অপরাধী অথবা নির্দোষ বলার মতো অবস্থানে নেই। তবে সব বন্দীর ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ ও তাঁদের সঙ্গে মানবিক আচরণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই।’খালেদা জিয়া স্বীকার করেন যে বাংলাদেশ ছাড়ার জন্য তাঁর ওপর চাপ আছে। তিনি বলেন, তিনি দেশ ছাড়তে প্রস্তুত, যদি তাঁর দুই ছেলেকে তাঁর সঙ্গে যেতে দেওয়া হয়। খালেদা জিয়া বলেন, সরকার তাঁর জন্য সৌদি আরবের ভিসা জোগাড় করতে না পারায় গোটা বিষয়টি ওলটপালট হয়ে যায়।খালেদা জিয়া তাঁর বিষয়টি সরকার ও সেনাবাহিনীর কাছে তুলে ধরার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। তাঁর বাড়ির ল্যান্ডফোনের লাইন কেটে দেওয়া হয়েছে, যদিও তাঁর মোবাইল ফোন সচল রয়েছে। তাঁর চলাফেরার ওপর কোনো বিধিনিষেধ না থাকলেও কিছু ব্যক্তিকে তাঁর সেনানিবাসের বাড়িতে যেতে দেওয়া হয়নি। খালেদা জিয়া ইঙ্গিত দেন, তাঁর দেশত্যাগের পরপরই তারেক রহমানকে যেতে দেওয়া হবে—এ নিশ্চয়তার ভিত্তিতে আগে তিনি দেশত্যাগের প্রস্তুতি নিলেও তিনি এখন পরিবারকে সঙ্গে নিয়ে যেতে চান।রাজনৈতিক দলের কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা উঠে গেলে দলে সংস্কারের পক্ষে তাঁর সমর্থনের কথা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন খালেদা জিয়া। মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও অপরাধের হার বৃদ্ধির জন্য তিনি সরকারকে দায়ী করেন। তাঁর অভিযোগ, সরকার স্বাধীন বিচার বিভাগকে ধ্বংস করে পক্ষপাতদুষ্ট রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে।