দুই ছেলের পোশাক কেনা হলো না অনামিকার
স্কুলপড়ুয়া দুই ছেলের পোশাক কেনা হলো না গৃহবধূ অনামিকা সরকারের (২৮)। গতকাল শুক্রবার ভাটারা থানার নুরেরচালায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে তিনি প্রাণ হারান।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, অনামিকা সরকার সপরিবারে ভাটারা থানার নুরেরচালার জে ব্লকে থাকতেন। গতকাল বিকেলে অনামিকা ও তাঁর স্বামী পলাশ সরকার বাসা থেকে তাঁদের আট বছরের যমজ ছেলের জন্য স্কুলের পোশাক কিনতে ইজিবাইকে শাহজাদপুরে রওনা দেন। যমজ দুই ছেলে তখন বাসায় ছিল। একপর্যায়ে নুরেরচালা বাজারের কাছে ইজিবাইকের চাকার সঙ্গে অনামিকার গলায় ওড়না পেঁচিয়ে গেলে তিনি ছিটকে রাস্তায় পড়েন। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।
অনামিকার দুই ছেলে নুরেরচালায় কিশলয় স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে। অনামিকার গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়ার পূর্ব বাকল গ্রামে।
অনামিকার স্বামী পলাশ সরকার স্থানীয় একটি ওষুধের দোকানের কর্মচারী। স্ত্রীকে হারিয়ে হাসপাতালে তিনি বিলাপ করে প্রথম আলোকে বলেন, কিছু বুঝে ওঠার আগেই ইজিবাইকের চাকায় অনামিকার গলায় আটকে যায় তাঁর ওড়না। তাঁর চোখের সামনে অনামিকা ছিটকে রাস্তায় পড়ে যান।