দুই ছেলের সাক্ষ্যে মাদকাসক্ত বাবার কারাদণ্ড
চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের ঘটনায় দুই ছেলের সাক্ষ্যে বাবা মো. মিজানুর রহমানকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এ কারাদণ্ড দেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, সাজাপ্রাপ্ত মিলনের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি রিকশা চালান। ছয় মাস ধরে ইয়াবায় আসক্ত হয়ে পড়েন তিনি। নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের মারধর করতে থাকেন। গতকাল নগরের বায়েজিদ বোস্তামীর মোহাম্মদনগর এলাকায় নিজ বাসা থেকে ১০টি ইয়াবা বড়িসহ তাঁকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন। আদালতের কাছে মিলনের দুই ছেলে শহীদুল ইসলাম ও সাইফুল ইসলাম সাক্ষ্য দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মিজানের বড় ছেলে পোশাকশ্রমিক শহীদুল ইসলাম বলেন, নেশার টাকার জন্য তাঁর বাবা প্রায়ই তাঁর মাকে মারধর করতেন। টাকার জন্য বাসার জিনিসপত্রও বিক্রি করে ফেলতেন। অনেক চেষ্টা করেও বাবাকে নেশা থেকে ফেরানো যায়নি। তাই বাবার বিরুদ্ধে তাঁরা ম্যাজিস্ট্রেটের কাছে সাক্ষ্য দিয়েছেন।