দুই ছেলেসহ পারটেক্স গ্রুপের চেয়ারম্যানকে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিশোধিত চিনি আমদানির নামে ঋণ জালিয়াতি করে সোনালী ব্যাংকের ১৫০ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান ও তাঁর দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘আজ সকাল ১০টায় (মঙ্গলবার) তাঁদের দুদকে হাজির হতে চিঠি দেওয়া হয়েছে। পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম এবং তাঁর দুই ছেলে ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ ও পরিচালক রুবেল আজিজকে জিজ্ঞাসাবাদ করা হবে।’
অভিযোগ রয়েছে, অপরিশোধিত চিনি আমদানির নামে ২০১১ সালে সাত কোটি ৪২ লাখ টাকার এফডিআরের (স্থায়ী আমানত) বিপরীতে সোনালী ব্যাংকের বঙ্গবন্ধু অ্যাভিনিউ শাখায় ১৫০ কোটি টাকার দুটি এলসি (ঋণপত্র) খোলে পারটেক্স সুগার মিলস। কিন্তু ওই এলসির বিপরীতে অভিযুক্তরা ৩০ হাজার টন চিনি আমদানি করেন এবং তা স্থানীয় বাজারে বিক্রি করলেও ব্যাংকে একটি টাকাও জমা দেননি।
এ ছাড়া এলসি খোলার আগেই প্রতিষ্ঠানটির ২২ কোটি টাকা ব্যাংকের কাছে দায় ছিল। নিয়মানুযায়ী অনাদায়ী থাকাকালে নতুন এলসি খোলা যায় না। কিন্তু এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ও সোনালী ব্যাংকের কিছু কর্মকর্তা, পারস্পরিক যোগসাজশে নিয়ম ভেঙে এফডিআরের বিপরীতে এলসি খোলে। এদিকে এফডিআর থেকে প্রাপ্ত সুদও জমা হয়েছে পারটেক্স গ্রুপের হিসাবে। ফলে পারটেক্স গ্রুপের এলসির বিপরীতে ব্যাংকে কোনো টাকা জমা হয়নি।