দুই জওয়ানের স্ত্রী ও এক বাড়িওয়ালার সাফাই সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিডিআরে বিদ্রোহের দিন আমার সন্তানের এসএসসি পরীক্ষা ছিল। আমার স্বামী ছেলেকে নিয়ে পরীক্ষাকেন্দ্রে যান। ফিরে এসে বাজার করেন। এরপর পিলখানায় ঢুকতে গিয়ে দেখেন গেট বন্ধ। তিনি ভেতরেই ঢুকতে পারেননি, তাহলে বিদ্রোহে যোগ দিলেন কী করে?’ গতকাল সোমবার সাফাই সাক্ষ্যে ল্যান্স নায়েক সহকারী এমদাদুল হকের স্ত্রী তাসরিফা সুলতানা এ প্রশ্ন করেন। এরপর মামলার প্রসিকিউটর তাঁকে জেরা করেন।বিডিআরে বিদ্রোহের ঘটনায় সদর দপ্তরের রেকর্ড উইংয়ের ১১১ জনের বিরুদ্ধে করা মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণের দিন ছিল গতকাল। পিলখানায় ১৩ রাইফেল ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-৯-এ মামলাটির বিচারকাজ চলছে। আসামিদের মধ্যে এমদাদুলসহ মাত্র তিনজন সাফাই সাক্ষী হাজির করেন। অপর দুজন হলেন, নায়েক সহকারী মোহাম্মদ আলী ও সেপাই সহকারী আবদুল কাদের। মোহাম্মদ আলীর পক্ষে তাঁর স্ত্রী শিল্পী আক্তার ও কাদেরের পক্ষে তাঁর বাড়িওয়ালা আবদুল কাদের সাফাই সাক্ষ্য দেন। তিন সাক্ষীই দাবি করেন, ঘটনার সময় ওই তিন অভিযুক্ত বাড়িতে ছিলেন। সাক্ষ্য দেওয়ার সময় তাসরিফা কান্নায় ভেঙে পড়েন।মামলার অপর ১০৮ আসামির সাক্ষী হাজির না করতে পারা সম্পর্কে জানতে চাইলে মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান বলেন, ‘পিলখানার ভেতরে যাঁরা আছেন, তাঁরা হয়তো ভয়ে সাক্ষ্য দিতে আসছেন না। তবে আমরা তাঁদের অভয় দিয়েছি।’এক আসামি আদালতে বলেন, ‘আমি যাঁদের সাফাই সাক্ষী হিসেবে আনতে চেয়েছিলাম, তাঁরা আসতে রাজি হননি।’ বিডিআরের কর্মকর্তারা জানান, সাফাই সাক্ষী হিসেবে জওয়ানেরা আরও কয়েকজনের নাম দিলেও তাঁদের হাজির করতে পারেননি। আদালতের নিয়ম অনুসারে সাফাই সাক্ষ্য হওয়ার পর আসামিদের বিরুদ্ধে যুক্তি-তর্ক উপস্থাপন করবেন প্রসিকিউটর। এরপর আসামিরা যুক্তি-তর্ক তুলে ধরবেন। এর আগে আসামিরা লিখিত জবানবন্দি আদালতে জমা দেবেন। গতকাল ১১০ আসামি লিখিত জবানবন্দি জমা দিয়েছেন। অপরজন আজ মঙ্গলবার জমা দেবেন। এরপর প্রসিকিউটর যুক্তি-তর্ক উপস্থাপন করবেন।বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল হাবিবুল করিমের সভাপতিত্বে আদালতের কার্যক্রম শুরু হয় বেলা ১১টায়, শেষ হয় বেলা দেড়টায়। পরে আজ সকাল পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করা হয়।পরিদপ্তরগুলো: এদিকে দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১০-এ মহাপরিচালকের সচিবালয়, উপ-মহাপরিচালকের অফিস, অপারেশন ও প্রশিক্ষণ পরিদপ্তর, প্রশাসনিক পরিদপ্তর, যোগাযোগ পরিদপ্তর, চিকিৎসা পরিদপ্তর ও সংযুক্ত বিভিন্ন ইউনিটের বিদ্রোহের মামলায় গতকাল নায়েক সুবেদার সহকারী খোরশেদ আলম ও হাবিলদার আবুল কালাম সাক্ষ্য দেন। খোরশেদ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। পরে ওই ১৩ জন তাঁকে জেরা করেন।এরপর আবুল কালাম ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন। তাঁকে জেরা শেষ করার আগেই আদালতের কার্যক্রম আজ সকাল পর্যন্ত মুলতবি করা হয়। কর্নেল খন্দকার ওবায়দুল আহসানের সভাপতিত্বে গতকাল আদালতের কার্যক্রম শুরু হয় সকাল নয়টায়, চলে দুপুর দেড়টা পর্যন্ত। মামলার ৩৩৭ জন আসামিকেই আদালতে হাজির করা হয়।