দুই জঙ্গি ও বাড়ির মালিকের ১০ দিন রিমান্ড চায় পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের একটি বাড়ি থেকে গ্রেনেড, চাপাতি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই জঙ্গি ও বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। গতকাল রোববার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু ইউসুফের আদালতে এ আবেদন করে পুলিশ। আদালত ২০ মার্চ রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।
গত মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার কুটুম্বপুর এলাকায় পুলিশ বাসে তল্লাশি চালাতে গেলে দ্রুত বাস থেকে নেমে যায় দুই জঙ্গি। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারে। পরে জসিম উদ্দিন ও মো. হাসান নামের দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার মিরসরাই উপজেলা সদরের পূর্ব গোভনিয়া এলাকার রিদওয়ান মঞ্জিল নামের দোতলা বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই বাসার নিচতলায় দুই জঙ্গি ভাড়া থাকতেন।
বোমা উদ্ধারের ঘটনায় ওই দিন রাতে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শহীদুল বাশার বাদী হয়ে মিরসরাই থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় জসিম উদ্দিন, মো. হাসান এবং বাড়ির মালিক রিদওয়ান উদ্দিনসহ আটজনকে আসামি করা হয়।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক স্বপন কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, দুই জঙ্গি ও বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করতে মামলার তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন।
এ বিষয়ে মিরসরাই থানার ওসি সাইরুল ইসলাম গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার জঙ্গিদের সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য যাচাই-বাছাই করা হবে। বোমা তৈরির সরঞ্জাম কোথা থেকে কার মাধ্যমে সংগ্রহ করেছেন, তা জানতে চাওয়া হবে। তাঁদের অর্থের উৎস কী, বাড়ির মালিকের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক রয়েছে কি না—এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।