দুই জঙ্গি গ্রেপ্তার, রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবিরোধী বিশেষ অভিযানের পরও অনেক শনাক্ত হওয়া এবং মামলার আসামি অনেক জঙ্গিকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন। গতকাল সোমবার দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তারের বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিবি পুলিশ বলেছে, গত রোববার রাতে রাজধানীর ফরিদাবাদ ও কামরাঙ্গীরচর থেকে মাওলানা মো. নাইম ওরফে সাইফুল ইসলাম ওরফে সাদ ও সোহেল আহম্মেদ ওরফে সোহেলকে গ্রেপ্তার করা হয়। তাঁরা নিষিদ্ধঘোষিত উগ্র জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। গতকাল তাঁদের আদালতে পাঠিয়ে ১০ দিন করে রিমান্ডের আবেদন জানালে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
জঙ্গিবিরোধী বিশেষ অভিযান ও ধরপাকড়ের পর পুলিশ জঙ্গিদের চক্র ভাঙতে পেরেছে কি না, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আবদুল বাতেন বলেন, ‘জঙ্গিদের চক্র তো আর হাঁড়ি না যে ভেঙে ফেলা যাবে। আমরা অনেক তথ্য সংগ্রহ করেছি। অনেক আসামি শনাক্ত হয়েছে। কিন্তু সবাই গ্রেপ্তার হয়নি। আবার মামলার অনেক আসামিও গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ কাজ করছে। এ কারণে একের পর এক জঙ্গি ধরা পড়ছে। মামলাগুলোও বেশির ভাগই উদ্ঘাটিত হয়েছে।’
সংবাদ সম্মেলনে বলা হয়, ১৩ জুন কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার করা আনসারুল্লাহর দুই সদস্য সৈয়দ মোজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম সোলায়মান ওরফে আরাফাতের দেওয়া তথ্যমতে নাইম ও সোহেলকে গ্রেপ্তার করা হয়। তাঁরা আনসারুল্লাহ বাংলা টিমের ঢাকা অঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বশীল পর্যায়ের নেতা। তাঁরা আনসারুল্লাহ বাংলা টিমে কর্মী নিয়োগের প্রাথমিক কাজ করে থাকেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, মোজাহিদুল ও আরিফুলের তথ্যের ভিত্তিতেই পুরস্কার ঘোষিত জঙ্গি সুমন হোসেন পাটোয়ারীকে ১৫ জুন গ্রেপ্তার করা হয়। সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৯ জুন পুরস্কার ঘোষিত আরেক জঙ্গি আনসারুল্লাহর সামরিক শাখার শীর্ষ নেতা শরিফুল ওরফে সাকিব ওরফে হাদি-১ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
অবশ্য পরে জানা যায়, নিহত শরিফুলের আসল নাম মুকুল রানা এবং তাঁর স্বজনেরা লাশ শনাক্ত করার আগে পর্যন্ত পুলিশ তাঁর আসল পরিচয় জানত না।