দুই জঙ্গি বেশি দিন পালিয়ে থাকতে পারবে না: আসাদুজ্জামান খান
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ময়মনসিংহের ত্রিশালের সাইন বোর্ড এলাকায় পুলিশ ভ্যান থেকে ছিনতাইয়ের পর পালিয়ে যাওয়া দুই জঙ্গি আর বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। এ-নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, যেভাবে সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নজর রাখা হয়েছে, তাতে পলাতক জঙ্গিদের দেশ থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম। আজ শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন প্রতিমন্ত্রী। বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেছেন, ছাত্রলীগ, যুবলীগ কিংবা সরকারদলীয় সমর্থকসহ যে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আইনের আওতায় আনা হবে।
এর আগে তিনি সকাল ১০টার দিকে কুমুদিনী চত্বরে পৌঁছান। সেখানে কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা ও পরিচালক (শিক্ষা) প্রতিভা মুত্সুদ্দি তাঁকে স্বাগত জানান। এরপর তিনি কুমুদিনী হাসপাতাল, নার্সিং স্কুল ও কলেজ, মিউজিয়াম এবং কুমুদিনী মেডিকেল কলেজ ঘুরে দেখেন। বেলা ১১টার দিকে ভারতেশ্বরী হোমসের মাঠে ছাত্রীদের শারীরিক কসরত প্রদর্শন শেষে অধ্যক্ষ প্রতিভা মুত্সুদ্দি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। সেখানে প্রধান অতিথি আসাদুজ্জামান খান কামাল ছাড়াও স্থানীয় সাংসদ একাব্বর হোসেন, ঢাকার ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মারুফী খান, কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক (শিক্ষা) প্রতিভা মুত্সুদ্দি এবং কবি ও সাহিত্যিক হেনা সুলতানা বক্তব্য দেন। পুরস্কার বিতরণী শেষে ভারতেশ্বরী হোমসের ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করে।