২০০৫ সালের ১৭ আগস্ট শরীয়তপুরে বোমা হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য কামরুজ্জামান ওরফে স্বপন ও মালেক বেপারীর মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের শুনানি শেষে গতকাল সোমবার এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির, সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম ও নিজামুল হক নিজাম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী নাসির উদ্দিন ও আইনজীবী মো. আবু হানিফ।
পরে আইনজীবী মো. আবু হানিফ প্রথম আলোকে বলেন, ওই হামলায় কেউ আহত ও নিহত হননি। তখন আসামিদের বয়সও কম ছিল। শুনানিতে তাঁরা এসব তুলে ধরেছেন। আদালত দুজনের মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।