দুই জঙ্গির লাশ অজ্ঞাতনামা হিসেবে ময়নাতদন্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের আতিয়া মহল থেকে উদ্ধার করা নারী ও পুরুষ জঙ্গির লাশ অজ্ঞাতনামা হিসেবে ময়নাতদন্ত করা হবে। গতকাল সোমবার সন্ধ্যায় লাশ দুটি উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।

লাশের ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্রভাষক শামসুল আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ড আতিয়া মহল থেকে দ্বিতীয় পর্যায়ে উদ্ধার করা আরও দুটো লাশেরও ময়নাতদন্ত করবে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, ওই বাড়ির নিচতলার ভাড়াটে তথ্য ফরমে মর্জিনা বেগম ও স্বামী কাওসার আলী লেখা রয়েছে। উদ্ধার করা লাশ দুটি এ দুজনের কি না, তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের পর লাশ দুটি হিমাগারে অজ্ঞাতনামা হিসেবে রাখা হবে। পরিবার বা স্বজন পাওয়া না গেলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় আতিয়া মহল নামের পাঁচতলা এই বাড়ির নিচতলায় জঙ্গি থাকার খবর পেয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। গত শুক্রবার ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট গিয়ে অভিযানে অংশ নেয়। এরপর গত শনিবার সকাল থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল ‘অপারেশন টোয়াইলাইট’ নামে অভিযান শুরু করে। এই অভিযানের মধ্যেই শনিবার সন্ধ্যায় দুই দফা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত এবং আরও ৪৪ জন আহত হন।