চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গিবরোধী অভিযানে নিহত দুজনের পরিচয় শনাক্ত করার পর পরিবার বলেছে, লাশ দুটি তারা নেবে না।
সীতাকুণ্ডের ‘ছায়ানীড়’ বাড়িতে পুলিশের অভিযানে নিহত জোবাইরা ইয়াছমিনের বাবা নুরুল আলম গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গের সামনে প্রথম আলোকে বলেন, মেয়ে রাষ্ট্রবিরোধী কাজে জড়িয়ে মারা গেছে। জঙ্গি হয়ে গেছে। এই মেয়ে আর তাঁর নয়। তিনি লাশ নেবেন না।
১৬ মার্চ ওই অভিযানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে জোবাইরার স্বামী কামাল হোসেনও নিহত হন। কামালের বাবা মোজাফফর আহমেদ মর্গের সামনে প্রথম আলোকে বলেন, জঙ্গি হয়ে যাওয়ায় কামাল তাঁর ছেলে নয়। বাইশারীতে তাঁর লাশ নেবেন না।
জোবাইরার বড় ভাই জিয়াবুল হক বলেন, ‘তারা যে কাজটা করেছে মন থেকে ঘৃণা করছি। তাদের লাশ দাফন করতে নিয়ে গিয়ে এলাকায় মানুষকে পোড়া মুখ দেখাতে চাই না।’
আত্মঘাতী বিস্ফারণে কামাল-জুবাইরা দম্পতির সঙ্গে তাঁদের শিশুসন্তানও মারা যায়। শিশুটিকে কখনো দেখেননি নানা ও দাদা। নয় মাস আগে কামাল যখন বাড়ি ছাড়ে, তখন জুবাইরা অন্তঃসত্ত্বা ছিলেন। মুঠোফোনে জুবাইরার কাছ থেকে শুনেছিলেন ছেলে হয়েছে। কিন্তু জন্মের পর নাতিকে কখনো দেখেননি দাদা মোজাফফর আহমেদ ও নানা নুরুল আলম। শিশুটির লাশ নিতেও গতকাল তাঁরা অস্বীকৃতি জানান। কামাল-জুবাইরার বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপেজলার বাইশারি ইউনিয়নের যৌথখামারপাড়া গ্রামে।
সীতাকুণ্ডের ওই অভিযানে আত্মঘাতী বিস্ফোরণ ও গুলিতে নিহত হয় আরও দুই জঙ্গি। অভিযানের আগের দিন ১৫ মার্চ বিকেলে সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার ‘সাধন কুটির’ বাড়ির একটি ফ্ল্যাট থেকে বোমা, অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জসিম ওরফে জহিরুল ইসলাম (নিহত জোবাইরার ভাই জসিম) ও তাঁর স্ত্রী আরজিনা ওরফে রাজিয়া সুলতানা নামের দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমিরাবাদ থেকে এক কিলোমিটার দূরে প্রেমতলা চৌধুরীপাড়ায় ‘ছায়ানীড়’ বাড়িতে অভিযান চালানো হয়।
নিহত কামালের বাবা মোজাফফর আহমেদ বলেন, জহিরুলের কাছ থেকে তিনি শুনেছিলেন কামাল চট্টগ্রাম শহরে চাকরি করতেন। কামালের সঙ্গে তাঁর যোগাযোগ হয়নি। তাঁরা ভেবেছিলেন, পোশাক কারখানায় চাকরি নেওয়ায় হয়তো বাড়ি যাচ্ছেন না। জঙ্গিবাদে জড়িয়ে পড়ার বিষয়টি কখনো বুঝতে পারেননি তাঁরা। কামালসহ তাঁর ছয় ছেলে ও দুই মেয়ে রয়েছেন। দেড় বছর আগে কামালের সঙ্গে জোবাইরার বিয়ে হয়।
ছায়ানীড়ে ৩৭ বোমা
ছায়ানীড় বাড়িতে জঙ্গিদের ভাড়া করা ফ্ল্যাট থেকে গতকাল আরও একটি শক্তিশালী হ্যান্ডগ্রেনেড এবং ১১টি জেলবোমা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে ফ্ল্যাটটি থেকে মোট ৩৭টি বোমা উদ্ধার করা হলো। এ ছাড়া বোমা তৈরির কাজে ব্যবহার করা পাঁচ ড্রাম হাইড্রোজেন পার-অক্সাইড (মোট ২০০ লিটার) এবং একটি ড্রামে ৪০ লিটার অ্যাসিড পাওয়া গেছে। সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি দল ঘটনাস্থল থেকে গতকালও বোমা তৈরির সরঞ্জাম এবং বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করে। গতকাল বিকেলে ছায়ানীড়ের তল্লাশি অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে পুলিশ।
এদিকে নিহত দুজনসহ এক শিশুর লাশ পরিবারের সদস্যরা নেবেন না বলে জানানোয় তিনটি লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামকে দাফন করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হবে বলে জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা।