দুই জননীকে স্মরণ করল বন্ধুসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদজননী জাহানারা ইমাম ও বেগম সুফিয়া কামাল বাঙালি গণজাগরণের অন্যতম দুই পথিকৃৎ নারী। ১৩ জুন সন্ধ্যায় এই দুই জননীর জীবন ও কাজ নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম।

চট্টগ্রাম বন্ধুসভা কার্যালয়ে এই আয়োজনে ছিল তথ্যচিত্র প্রদর্শনী, গান, কবিতা, চিঠিপাঠ ও কথামালা। এ মাসে জাহানারা ইমামের ১৯তম মৃত্যুবার্ষিকী পালন ও বেগম সুফিয়া কামালের ১০২তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাহানারা ইমাম ও সুফিয়া কামালের জীবন ও কাজের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর ‘মাগো আর তোমাকে ঘুমপাড়ানি মাসি হতে দেব না’ শিরোনামের গান পরিবেশন করেন নুসরাত জাহান। সুফিয়া কামালকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি পাঠ করেন সঞ্জয় বিশ্বাস। কামাল চৌধুরীর লেখা ‘শহীদজননী’ শিরোনামের কবিতা আবৃত্তি করেন ফাহিম উদ্দিন। কথামালা পর্বে অংশ নেন শিক্ষাবিদ আনোয়ারা আলম ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরী।

বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘পুরুষেরা সচেতন হলে নারী জাগরণের পথ সৃষ্টি হবে।’ এরপর সংগীত পরিবেশন করেন উৎপল মল্লিক। ‘রাষ্ট্রদ্রোহী জাহানারা ইমাম আসছে’ শিরোনামে কবিতা আবৃত্তি করেন মিনহাজ হোসাইন। জয়শ্রী দাশ পাঠ করেন জাহানারা ইমামের লেখা চিঠি। বন্ধুসভার বন্ধুদের দলীয় গানের মাধ্যমে শেষ হয় ব্যতিক্রমী এই আয়োজন।