দুই জনপ্রতিনিধির বরখাস্তের আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জার্জিস হোসেনকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার পৃথক দুটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দেন।

আমিরুল ও জার্জিস পৃথক রিট আবেদন দুটি করেন। তাঁদের দুজনের সাময়িক বরখাস্তের আদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা রুলে জানতে চেয়েছেন আদালত।

রিট আবেদনকারীদের পক্ষ আদালতে ছিলেন আইনজীবী নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

পরে মোখলেছুর রহমান বলেন, দুজনের সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন আদালত।

আমিরুল ও জার্জিসের আইনজীবী বলেছেন, হাইকোর্টের স্থগিতাদেশের ফলে দুজনের দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই।

আমিরুল ও জার্জিসকে গতকাল মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়। এদিন আরও তিন জনপ্রতিনিধি সাময়িক বরখাস্ত হন। তাঁরা হলেন দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিক, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন ও ফরিদপুরের সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান।