রাজশাহীর ব্যবসায়ী আমিনুল হক অপহরণ ও হত্যা করে লাশ নয় টুকরা করার দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শামসুল আলম খান এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন সারোয়ার হোসেন (৪০) ও আবদুল হাকিম (২০)। তাঁদের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায়। রায় ঘোষণার সময় দুজনই আদালতে হাজির ছিলেন। সারোয়ার দীর্ঘদিন ধরে রাজশাহী শহরে থেকে প্লাস্টিকসামগ্রীর ব্যবসা করতেন। হাকিম তাঁর দোকানের কর্মচারী ছিলেন।
আদালত সূত্র জানায়, ২০১১ সালের ১০ এপ্রিল ব্যবসায়ী আমিনুল হককে অপহরণ করেন সারোয়ার ও হাকিম। এরপর তাঁরা আমিনুলের স্ত্রীর কাছ থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ আদায় করেন। মুক্তিপণ আদায়ের পর সারোয়ার ও হাকিম ব্যবসায়ী আমিনুলকে হত্যা করে লাশ নয় টুকরা করেন। অপহরণের তিন দিন পর ১৩ এপ্রিল পুলিশ নগরের আলুপট্টি এলাকায় সারোয়ারের বাড়ি থেকে বস্তাবন্দী নয় টুকরা লাশ উদ্ধার করে। এ সময় মুক্তিপণের ১৯ লাখ ৪৮ হাজার টাকাসহ সারোয়ার ও হাকিমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আমিনুলের স্ত্রী সালমা সুলতানা বোয়ালিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক এ কে এম এনামুল হক গত বছরের অক্টোবর মাসে সারোয়ার ও হাকিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আমিনুল হকের বাসা রাজশাহী নগরের নওদাপাড়া এলাকায়। তিনি নগরের সাহেববাজারের হোটেল হক ইন্টারন্যাশনালের মালিক ছিলেন।