দুই জলদস্যুর যাবজ্জীবন
অস্ত্র মামলায় খুলনার দুই জলদস্যুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল।
গতকাল মঙ্গলবার ওই আদালতের বিচারক এস এম সোলায়মান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামের রফিকুল ইসলাম ও আমতলা গ্রামের মিলন মণ্ডল। রায়ে তাঁদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ৯ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানার পানখালি ফেরিঘাট এলাকা থেকে জলদস্যু শহিদুল শেখ, রফিকুল ইসলাম ও মিলন মণ্ডলকে আটক করে মোংলা কোস্টগার্ড। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁদের কাছে অস্ত্র আছে বলে তাঁর জানান। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী দাকোপ থানার জোংড়া এলাকার খালের পাড়ে মাটির নিচে তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ১১টি পাইপগান, ১টি কাটা রাইফেল, ১টি রিভলবার ও ২৬টি গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোস্টগার্ড মোংলা স্টেশনের পেটি অফিসার এ কে আজাদ ওই দিনই দাকোপ থানায় একটি মামলা করেন।