দুই জামাতা খুন
মৌলভীবাজারের কুলাউড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে জামাতা খুন হয়েছেন। পাবনার ঈশ্বরদীতে জামাতাকে খুনের অভিযোগ পাওয়া গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামের সুমন আহমদ (৩০) স্ত্রীকে আনার জন্য গত বৃহস্পতিবার সদর ইউনিয়নের বনগাঁও গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে যান।নিহত সুমনের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সকাল সাড়ে সাতটার দিকে শ্বশুর জহির আলী বাড়ির কাছে একটি আতাগাছের ডালে দুই পা বাঁধা অবস্থায় সুমনের লাশ ঝুলতে দেখেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সুমনের শ্বশুর, স্ত্রী সেলিনা বেগম (২২) ও শ্যালিকা রুনা বেগমকে (১৭) আটক করেছে।কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম গতকাল সোমবার বলেন, সুমনের দুই পা বাঁধা থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে মনে হয়েছে।ঈশ্বরদী (পাবনা): শ্বশুরবাড়িতে বেড়াতে এসে জামাতা রতন প্রামাণিক (২৮) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঈশ্বরদী থানার উপপরিদর্শক জাকির হোসেন এলাকাবাসীর বরাত দিয়ে জানান, শ্বশুর ও স্ত্রীর হাতে মার খেয়ে অভিমানে বিদ্যুতের টাওয়ার থেকে লাফিয়ে পড়ে রতন আত্মহত্যা করেছেন।নিহত রতনের ভাই শরিফুল প্রামাণিক জানান, ঈদে রতনের স্ত্রী লাবণী তাঁর বাবার বাড়ি চরমিরকামারীতে বেড়াতে যান। গত রোববার স্ত্রীকে আনতে রতন শ্বশুরবাড়ি যান। কিন্তু লাবণী স্বামীর সঙ্গে আসতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। শরিফুল অভিযোগ করেন, ঝগড়ার একপর্যায়ে লাবণীর বাবা পাঞ্জু পিটিয়ে রতনকে খুন করেন। এ ঘটনায় শরিফুল বাদী হয়ে মামলা করবেন বলে জানান। ঘটনার পর থেকে পাঞ্জু পলাতক রয়েছেন।