দুই জাহাজ অচল হলো যান্ত্রিক ত্রুটির কারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক ত্রুটির কারণে সন্দ্বীপ-হাতিয়া নৌপথে চলাচলকারী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দুটি জাহাজই গতকাল বৃহস্পতিবার মাঝপথে এসে অচল হয়ে পড়ে। এর মধ্যে চট্টগ্রাম থেকে সন্দ্বীপগামী এমভি আবদুল মতিন বিকেলে গন্তব্যে পৌঁছালেও হাতিয়া থেকে ছেড়ে আসা অপর জাহাজ এমভি মনিরুল হক এসে পৌঁছায় রাতে।এ ব্যাপারে বিআইডব্লিউটিসির প্রধান প্রকৌশলী দেওয়ান মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, মনিরুল হকের একটি ইঞ্জিনের পাম্প নষ্ট হয়ে যাওয়ায় সমস্যা দেখা দেয়। আর আবদুল মতিনের একটি ইঞ্জিন নদীতে পেতে রাখা জালের বাধার কারণেই বিকল হয়ে পড়ে। আমরা আপাতত আবদুল মতিন দিয়েই আগামী শনিবার থেকে যাত্রী পরিবহনের চিন্তাভাবনা করছি।’প্রত্যক্ষদর্শী ও দুই জাহাজের যাত্রীদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, চট্টগ্রামের দিকে ছেড়ে আসা এমভি মনিরুল হক গতকাল বেলা দুইটার দিকে বিকল হয়ে পড়ে। এরপর স্রোতের প্রতিকূলে একটি ইঞ্জিন দিয়ে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটের কাছে ভেড়ানো হয় বিকেল চারটার দিকে। তখন সেখান থেকে বিআইডব্লিউটিসির চট্টগ্রাম কার্যালয়ে উদ্ধারকারী জাহাজ পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়। অথচ সেই জাহাজ (ডিটি-৬২৩৫) গিয়ে পৌঁছায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে। এতে যাত্রী ছিল এক হাজার ৪০০ জন। এমভি মনিরুল হকের যাত্রী সারোয়ার আলম মুঠোফোনে জানান, ‘বিকেলে উদ্ধারকারী জাহাজ পাঠাতে বলা হলেও সেই জাহাজ আসে সন্ধ্যায়। রোজার দিনে যাত্রীদের এমন ভোগান্তিতে ফেলার কী মানে থাকতে পারে?’অপরদিকে নগরের সদরঘাট টার্মিনাল থেকে একই সময় প্রায় আড়াই শ যাত্রী নিয়ে সন্দ্বীপগামী এমভি আবদুল মতিন যান্ত্রিক সমস্যার কারণে উপকূলে এসে আটকে পড়ে। এটি সন্দ্বীপ গিয়ে পৌঁছায় বিকেল সাড়ে পাঁচটায় প্রায় তিন ঘণ্টা বিলম্বে। নির্ধারিত সময় ছিল বেলা দেড়টা।উল্লেখ্য, সন্দ্বীপ-হাতিয়া নৌপথে বিআইডব্লিউটিসির চারটি জাহাজের মধ্যে এই দুটি জাহাজ দিয়েই যাত্রী পরিবহন চলছে। বাকিগুলো মেরামতের অপেক্ষায় ডকে পড়ে আছে। এর মধ্যে এমভি মনিরুল হক ২১ দিন পর গত সোমবার সচল করে চলাচলের উপযোগী করা হয়।