দুই জাহাজের সংঘর্ষে রক্ষা পেলেন আট শতাধিক পর্যটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট মার্টিন-টেকনাফ নৌপথে দুই জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটলেও প্রাণে রক্ষা পেলেন আট শতাধিক পর্যটক। তবে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এ ঘটনায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ করেছেন পর্যটকেরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেল চারটার দিকে অন্যান্য পর্যটকবাহী জাহাজের মতো এমভি ফারহান ও এলসিটি কুতুবদিয়া পর্যটক নিয়ে টেকনাফের উদ্দেশে রওনা হয়। কিছু দূর এসে বঙ্গোপসাগরের ৩ নম্বর বয়া নামক স্থানে পৌঁছালে হঠাৎ করে পর্যটকবাহী জাহাজ এমভি ফারহানকে ধাক্কা দেয় এলসিটি কুতুবদিয়া। এরপর এলসিটি কুতুবদিয়া পরপর তৃতীয়বার ফারহানকে ধাক্কা দিলে পর্যটকেরা দিগিবদিক ছিটকে পড়ে এবং পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় জাহাজের ধাক্কায় নারী, শিশুসহ ১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামছুল ইসলাম বলেন, ‘জাহাজ দুটিতে আট শতাধিক পর্যটক ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও কয়েকজন পর্যটক আহত হয়েছেন। এ বিষয়ে কয়েকজন পর্যটক আমার কাছে লিখিত অভিযোগ করেছেন। তারই পরিপ্রেক্ষিতে জাহাজের ক্যাপ্টেনসহ সাতজনকে আটক করা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজ দুটিকে চলাচল করতে নিষেধ করা হয়েছে।’