দুই জায়গায় বাস ও অটোভ্যান উল্টে দুজন নিহত, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা-বগুড়া মহাসড়কের সাঁথিয়া উপজেলার পাটগাড়ি নামক স্থানে গতকাল মঙ্গলবার যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে একজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত এলাকাবাসীর সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এদিকে বগুড়ার ধুনটে ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে সোনাউল্লাহ (৫০) নামের এক চালক নিহত হয়েছেন।
সাঁথিয়ার দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্রে জানা যায়, গতকাল সকালে এসআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ থেকে পাবনা যাচ্ছিল। তখন মহাসড়কের পাটগাড়ি নামক স্থানে হাইওয়ে পুলিশ যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছিল। সকাল সাড়ে ১০টার দিকে বাসটি যখন পাটগাড়িতে পৌঁছায়, তখন সেটির সামনে থাকা একটি মোটরসাইকেলকে পুলিশ থামার জন্য নির্দেশ দেয়। এতে মোটরসাইকেলটি হঠাৎ ব্রেক কষলে বাসটি মোটরসাইকেলটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ২৫ জনেরও বেশি যাত্রী আহত হয়। আহত যাত্রীদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে বাবুল আক্তার (৪০) নামের এক যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা গ্রামে। আহত লোকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে এ দুর্ঘটনার পেছনে পুলিশের ভূমিকাকে দায়ী করে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠে। ৮ থেকে ১০ জন এলাকাবাসী অভিযোগ করেছেন, পুলিশ আকস্মিকভাবে ওই মোটরসাইকেল ও বাসটিকে থামার ইঙ্গিত দিলে দুর্ঘটনাটি ঘটে। যান দুটি থামাতে পুলিশ আরও কিছুক্ষণ আগে ইঙ্গিত দিলে দুর্ঘটনাটি হয়তো এড়ানো যেত। দুর্ঘটনার জন্য পুলিশকে দায়ী করে এলাকাবাসী ফুঁসে ওঠে। এ সময় উত্তেজিত এলাকাবাসীর সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে ১৫ থেকে ২০ মিনিট মহাসড়কের দুপাশে যানবাহন আটকা পড়ে। উত্তেজিত এলাকাবাসী পরে পুলিশের তাড়া খেয়ে মহাসড়ক থেকে সরে যায়।
সাঁথিয়া থানার ওসি নাসির উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাগজপত্র পরীক্ষার জন্য একটি মোটরসাইকেলকে থামার ইঙ্গিত দেয়। এর পরপরই দুর্ঘটনাটি ঘটে বলে শুনেছি।’
তবে ঘটনাস্থলে দায়িত্বে থাকা হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট মনিরুল ইসলাম বলেন, ‘আমরা সেখানে চেকপোস্ট বসিয়ে নিয়মিত নছিমন–করিমন আটক করি। এতে নছিমন–করিমন সংশ্লিষ্ট লোকজন ক্ষিপ্ত ছিল। দুর্ঘটনার পর তারাই মিথ্যা অজুহাতে আমাদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে।’
এদিকে ধুনটের মাটিকোড়া গ্রামের বাইপাস মোড়ে ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে সেটির চালক সোনাউল্লাহ মারা যান। সোনাউল্লাহ ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের আবদুল জলিলের ছেলে।
নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, সোনাউল্লাহ তাঁর অটোভ্যানে ধুনট বাজার থেকে মালামাল নিয়ে মাটিকোড়া গ্রামের দিকে রওনা হন। পথে মটিকোড়া গ্রামের উঁচু বাইপাস সড়ক পার হওয়ার সময় অটোভ্যানটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে সোনাউল্লা আহত হন। তাঁকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।