দুই জায়গায় সড়ক দুর্ঘটনা, ছাত্রলীগ নেতাসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গত মঙ্গল ও গতকাল বুধবার ছাত্রলীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া নাটোরের গুরুদাসপুরে গতকাল কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে ট্রাকের চালক ও তাঁর সহযোগী মারা গেছেন।

সিরাজগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার নাম ইমতিয়াজ হাসান (২২)। অপর একজন হলেন হাতেম আলী (৭২)। আর নাটোরে নিহত হয়েছেন ট্রাকচালক রবি (৩০) ও তাঁর সহযোগী খোকন (৩২)।

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, গতকাল ভোর ছয়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতী এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চারজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় হাতেম আলী মারা যান। তিনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাক-এর গোপালপুর প্রতিনিধি জয়নাল আবেদীনের বাবা।

এর আগে মঙ্গলবার উল্লাপাড়ায় নগরবাড়ী-বগুড়া মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক ইমতিয়াজ হাসান নিহত হন। তিনি উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র এবং কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউসিক আহমেদ বলেন, ইমতিয়াজ ও তাঁর বন্ধু রুবেল মোটরসাইকেলে করে যাওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর প্রধান কার্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই ইমতিয়াজ নিহত হন। রুবেলকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে গুরুদাসপুর উপজেলায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজায় কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক রবি ও তাঁর সহযোগী খোকন নিহত হয়েছেন। তাঁরা দুজনই মেহেরপুর সদর উপজেলার চানবিল গ্রামের বাসিন্দা।

বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।