দুই জায়গায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু
বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় বুলবুল আহম্মেদ (১৪) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা একটার দিকে উপজেলার মুরুইল বাজার এলাকায়। এদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভটভটি ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার যাত্রী রুমন (১৭) মারা গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায়।
মরদেহের পরিচয় নিশ্চিত করে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছির উদ্দিন জানান, রুমন নাচোলের কালহইর রেললাইন পাড়ার আনারুল ইসলামের ছেলে। গত বুধবার সন্ধ্যার পর রহনপুর থেকে ফেরার পথে চৌপুকুরিয়া এলাকায় ভটভটি ও অটোরিকশার সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয় রুমন। পরে নাচোল হাসপাতালে নিয়ে আসার পথেই রুমন মারা যায়।
এদিকে আদমদীঘি উপজেলার কোমারপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক সামছুল আলম (৩৮) ও তাঁর ভাতিজা একই বিদ্যালয়ের ছাত্র আসন্ন এসএসসি পরীক্ষার্থী বুলবুল আহম্মেদ মোটরসাইকেলযোগে দাওয়াত খেতে মোড়গ্রামে যাচ্ছিল। পথে মুরইল ভাঙ্গাব্রিজ–সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে শিক্ষক সামছুল ও তাঁর ভাতিজা বুলবুল গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই বুলবুল মারা যায়। সে কোমারপুর গ্রামের সাহাদত হোসেনের ছেলে। আহত সামছুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।