দুই জায়গায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় সিফাত জামিল (৩৫) ও বগুড়ার শেরপুরে ট্যাংকলরির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। ওই নারীর নাম লাইলী বেগম (৫৫)। গতকাল বুধবার এ দুটি দুর্ঘটনা ঘটে।
গোমস্তাপুরের রহনপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গতকাল বিকেল চারটার দিকে মোটরসাইকেলে করে চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার পথে উপজেলার রহনপুরের খায়রাবাদ এলাকায় একটি ট্রাক্টর বিপরীত দিক থেকে সিফাতকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সিফাত রাজশাহীর সাগরপাড়ার খালেদ জামিলের ছেলে ও রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং কর্মকর্তা। সিফাতকে ধাক্কা দেওয়া ট্রাক্টর ও এর চালক মজিবুর রহমানকে (৪৫) আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে তেলবাহী ট্যাংকলরির চাপায় লাইলী বেগম (৫৫) নিহত ও ভ্যানচালকসহ তিনজন আহত হয়েছেন। হতাহত ব্যক্তিরা সবাই ব্যাটারিচালিত একটি ভ্যানের যাত্রী ছিলেন। গতকাল বেলা সোয়া দুইটায় মহাসড়কের উপজেলার মির্জাপুর-রানীরহাট মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত লাইলী বেগম উপজেলার মির্জাপুর মাঠপাড়া গ্রামের মো. শাহজামালের স্ত্রী। আহত ব্যক্তিদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার শিকার ব্যক্তিরা ব্যাটারিচালিত ভ্যানে করে মির্জাপুর বাজার থেকে মির্জাপুর মাঠপাড়া গ্রামে যাচ্ছিলেন। ট্যাংকলরিটি আটক করা যায়নি।
শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।