দুই জায়গায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন, আহত ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে চালকের সহকারীসহ দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। এদিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাবিনা ইয়াসমিন (২৮) নামের এক গৃহবধূ। আহত হয়েছেন তাঁর স্বামী।
নাটোরের মহিষভাঙ্গা এলাকার প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও বনপাড়া হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী রূপসী পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মহিষভাঙ্গা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসচালকের সহকারী জামালপুর জেলার বিলবাড়িয়া গ্রামের মানিক হোসেন (৩৫) ও বাসের যাত্রী চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মির্জাপুর গ্রামের মনিরুল ইসলাম (৪৫) নিহত হন। বাসের নিচে চাপা পড়ে খোকা (১০), খাদিজা (৩৭), আকলিমা খাতুনসহ (৩০) অন্তত ১৫ যাত্রী আহত হয়। আহত যাত্রীদের সবাই চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাদের বনপাড়া, নাটোর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে শেরপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের আবদুল ওহাবের স্ত্রী সাবিনা ইয়াসমিন চিকিৎসা নিতে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে স্বামীর সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। অটোরিকশাটি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌর শহরের সাউদিয়া হোটেলের সামনে পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যানের চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় লোকজন কাভার্ডভ্যানের চালককে আটক করে পুলিশে দিয়েছেন।
নিহত নারীর পারিবারিক সূত্রে জানা যায়, সাবিনা অসুস্থ থাকায় আবদুল ওহাব মেয়ে খাদিজাসহ (৪) স্ত্রীকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত আবদুল ওহাবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এ দম্পতির শিশুসন্তানটি অক্ষত রয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, দুর্ঘটনায় নিহত নারীর পরিবার থেকে ওই রাতে থানায় মামলা করা হয়েছে। মামলায় কাভার্ডভ্যানের চালককে গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।