দুই জায়গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বগুড়ার শেরপুর উপজেলায় গতকাল বুধবার দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক ও তাঁর সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় আহত এক ব্যক্তির গত মঙ্গলবার মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক দেলোয়ার হোসেন (৪০) ও তাঁর সহকারী রমজান আলী (৩৫)। তাঁদের বাড়ি বগুড়ার শাজাহানপুরের সাজাপুর গ্রামে। আর আমিনুর রহমান (২৪) হাতীবান্ধার সিঙ্গিমারী ইউনিয়নের সিঙ্গিমারী গ্রামের বাসিন্দা।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ঘোগা সেতু এলাকা দিয়ে সিমেন্টের খুঁটিবোঝাই ওই ট্রাকটি সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। গতকাল সকাল ছয়টার দিকে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী পাইপবোঝাই একটি ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে খুঁটিবোঝাই ট্রাকের চালক দেলোয়ার ও তাঁর সহকারী রমজান আহত হন। পরে তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান। দুজনের লাশ গতকাল বেলা ১১টায় তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) পুতুল মহন্ত বলেন, তাঁরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাইপবোঝাই ট্রাকের চালক পালিয়ে যান। ওই ট্রাক দুটি পুলিশি হেফাজতে রয়েছে।
হাতীবান্ধা থানা-পুলিশ জানায়, আমিনুর গত সোমবার সন্ধ্যায় দিঘিরহাট বাজার এলাকায় লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে গত মঙ্গলবার সকালে আমিনুর মারা যান।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি আটক করা হয়েছে।