দুই জায়গায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ২৫
নাটোরের বড়াইগ্রামে ও বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত এবং ১২ জন জেএসসি পরীক্ষার্থীসহ ২৫ জন আহত হয়েছে। গতকাল রোববার এসব দুর্ঘটনা ঘটে।
বড়াইগ্রামে নিহত ব্যক্তির নাম বাচ্চু শেখ (৩৫)। তিনি নীলফামারীর ডোমার উপজেলার বাসুনিয়া গ্রামের বাসিন্দা। আর ধুনটে নিহত শিশুটির নাম আমেনা খাতুন (৭)। সে ধুনটের যমুনা নদীর মল্লিকপাড়া চরের আমিনুল ইসলামের মেয়ে। বড়াইগ্রামে আহত ১২ জন জেএসসি পরীক্ষার্থীর সবার বাড়ি উপজেলার আহম্মেদপুর এলাকায়। পরীক্ষায় অংশ নিতে তারা বনপাড়া যাচ্ছিল।
বড়াইগ্রামের নাটোর-পাবনা মহাসড়কের কালিকাপুর এলাকায় গতকাল সকাল সাড়ে আটটার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাচ্চু শেখ মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল-মামুন বলেন, নাটোর থেকে ছেড়ে আসা লালপুরগামী লোকাল বাসটি কালিকাপুর এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই ওই যাত্রী নিহত ও ১২ জন জেএসসি পরীক্ষার্থীসহ ১৫ যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ আহত লোকজনকে উদ্ধার করে বনপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকদের সূত্রে জানা যায়,
আহত সাতজন ছাড়া সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে ধুনট-গোসাইবাড়ি সড়কের বাকসাপাড়া নামক স্থানে গতকাল সকাল নয়টার দিকে যাত্রীবাহী আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলেই বাসের যাত্রী শিশু আমেনা নিহত হয়। আহত হন বাসের চালক ও তাঁর সহকারীসহ ১০ জন। তাঁদের মধ্যে আটজনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, গোসাইবাড়ি বাজার বাসস্ট্যান্ড থেকে বগুড়াগামী তামান্না এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাসটি বাকসাপাড়া নামক স্থানে দুর্ঘটনার শিকার হয়।