দুই জেএমবি সদস্যের ১৪ বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনের একটি মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ শনিবার দুপুরে বিশেষ আদালত-২ (স্পেশাল ট্রাইব্যুনাল-২)এর বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন গোমস্তাপুর উপজেলার কলাইদিয়াড় গ্রামের তৈয়ব আলীর ছেলে আব্দুল মমিন (৩০) ও ভোলাহাট উপজেলার মুশরিভুজা গ্রামের রুহুল আমীনের ছেলে রবিউল ইসলাম (২৬)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জবদুল হকের সঙ্গে কথা বলে ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৪ জুন গুলি ও জিহাদি বইসহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট খড়গপুর এলাকা থেকে আব্দুল মমিনকে গ্রেপ্তার করে শিবগঞ্জ থানা-পুলিশ। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ১৬ জুন গভীর রাতে ভোলাহাট উপজেলার মুশরিভূজা গ্রামের নিজ বাড়ি থেকে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি শুটার গান ও তিনটি গুলিও উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে মমিন ও রবিউলের বিরুদ্ধে ১৭ জুন ভোলাহাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। ওই বছরের ১৬ জুলাই আদালতে মামলার অভিযোগপত্র দেওয়া হয়।
মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় দেন।