দুই জেএমবির আদালতে জবানবন্দি
সিরাজগঞ্জে গ্রেপ্তার হওয়া জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যের মধ্যে ইসরাফিল ও রুহুল আমীন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম নজরুল ইসলামের আদালতে তাঁরা জবানবন্দি দেন। পরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।
সেই সঙ্গে জেএমবির অপর সদস্য আলমাসকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আগামী আগামীকাল রোববার রিমান্ডের শুনানির দিন ধার্য করেন।
গত বৃহস্পতিবার ভোরে ডিবির একটি দল উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চাকশা দক্ষিণপাড়া এলাকার ইসরাফিল (২৪), চরমোহনপুর পশ্চিমপাড়ার রুহুল আমীন (৩২) ও চর মোহনপুর উত্তরপাড়ার আলমাসকে (৩০) আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ২৪টি জিহাদি বই উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আলী বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেন।
সিরাজগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান বলেন, দুজন জেএমবির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার তদন্তের স্বার্থে বিষয়গুলো প্রকাশ করা যাচ্ছে না।