বরগুনা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনকে হেনস্তা করার ঘটনার জেরে বরিশালের জেলা প্রশাসক (ডিসি) গাজী মো. সাইফুজ্জামান ও বরগুনার ডিসি বশিরুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে তারিক সালমনের প্রতি আইনি ব্যত্যয় হয়েছে কি না, তা জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গতকাল সোমবার এই দুই সিদ্ধান্ত নেওয়া হয়। ‘বিকৃত’ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি (পঞ্চম শ্রেণির এক শিশুর আঁকা ছবি) ছাপানোর অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিক সালমনের বিরুদ্ধে মানহানির মামলা হয়। ওই মামলায় তাঁর জামিন নামঞ্জুরের ঘটনায় দেশজুড়ে সমালোচনা ও জনপ্রশাসনে ক্ষোভের সৃষ্টি হয়। পরে মামলার বাদী বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়েদুল্লাহকে দল থেকে সাময়িক বহিষ্কার করে আওয়ামী লীগ। মামলাও প্রত্যাহার করে নেওয়া হয়।
এদিকে এক প্রশ্নের জবাবে তারিক সালমন গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিচারক প্রকাশ্য আদালতে আমার জামিন নামঞ্জুরের ঘোষণা দিয়েছিলেন। এরপর আমাকে আদালতের গারদখানার পাশের একটি কক্ষে দুই ঘণ্টা আটক রাখা হয়।’ এর আগে গত রোববার বরিশালের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মোহাম্মদ আলী হোসাইন সুপ্রিম কোর্টে পাঠানো এক চিঠিতে বলেছিলেন, সালমনের জামিনের আবেদন একটিবারের জন্যও নামঞ্জুর করা হয়নি।
দুই ডিসিকে প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন জনপ্রশাসনসচিব মো. মোজাম্মেল হক খান। গতকাল বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বদলি হওয়া জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান বলেন, ‘সরকারের যেকোনো সিদ্ধান্তই আমরা মানতে বাধ্য। কিন্তু বাস্তবতা হলো, আমরা ব্যর্থ হইনি, আমরা একটা অন্যায় পরিস্থিতির শিকার হয়েছি। ওই কার্যক্রমের সঙ্গে আমরা কোনোভাবেই তো সম্পৃক্ত নই।’
নতুন ডিসি ও তদন্ত কমিটি
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, একই সঙ্গে বরিশাল ও বরগুনা জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমানকে বরগুনায় এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানকে বরিশালে জেলা প্রশাসক করা হয়েছে। গতকাল দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সেদিন আদালতে যা ঘটেছিল
তারিক সালমন ১৯ জুলাই আদালতে হাজির হন। সেদিনের ঘটনা সম্পর্কে গতকাল তিনি প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে তিনি একাই আদালতে আসেন। কাঠগড়ায় দাঁড়ান। বাদীপক্ষের আইনজীবীরা তাঁর জামিন আবেদন বাতিলের জোরালো আবেদন জানান। সাড়ে ১১টার দিকে বিচারক তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করেন। এরপর পাশের ভবনের গারদখানায় নিয়ে নাম-ঠিকানা লেখার পর তাঁকে পাশের একটি কক্ষে আটক রাখা হয়।
তারিক সালমন আরও বলেন, বেলা দেড়টার দিকে গারদখানায় আদালতের এক কর্মচারী এসে ইউএনওকে বলেন, তাঁর আইনজীবীকে পুনরায় আদালতে জামিনের আবেদন জানাতে। এরপর তাঁকে পুনরায় আদালতে নেওয়া হয়। এর ২০ মিনিট পর বিচারকের খাসকামরা থেকে তাঁর পেশকার এসে ইউএনওকে বলেন, আপনাকে জামিন দেওয়া হয়েছে। কিছু আনুষ্ঠানিকতা শেষে তিনি আদালত থেকে চলে আসেন। তখন বেলা সোয়া দুইটা।