দুই জেলায় গৃহবধূসহ চার লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাউৎনগর এলাকা থেকে গতকাল শনিবার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন দিনাজপুর শহরে বিদ্যুতের টাওয়ার থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পার্বতীপুরে একজন নৈশপ্রহরী ও হাকিমপুরে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁও: গতকাল সকালে পুলিশ রানীশংকৈল উপজেলার রাউৎনগর এলাকা থেকে বালিয়াডাঙ্গী উপজেলার উত্তরগাঁওয়ের রুবেলের স্ত্রী হাসিনা (১৯) বেগমের লাশ উদ্ধার করে। বালিয়াডাঙ্গী উপজেলার ভোগাদীঘি ফুনিয়া গ্রামের তোপ হোসেনের মেয়ে হাসিনার সঙ্গে এক মাস আগে রুবেলের বিয়ে হয়। গত শুক্রবার সন্ধ্যা থেকে হাসিনার খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল সকালে রাউৎনগর এলাকার লোকজন একটি গাছে হাসিনার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দিনাজপুর: গতকাল দুপুর ১২টায় দিনাজপুর শহরের নয়নপুর এলাকায় ৩৩ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার থেকে এক ব্যক্তির লাশ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন। দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এ কে এম মুর্শেদ জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে নিহত ব্যক্তির লাশ আটকে থাকতে দেখেন তাঁরা। শর্টসার্কিটের কারণে সঞ্চালন লাইন বন্ধ করে দেয় বিদ্যুৎ বিভাগ। এরপর প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে তাঁরা নিহত ব্যক্তি লাশ নিচে নামান। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি এ কে এম খালেকুজ্জামান জানান, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশনসংলগ্ন সাহেবপাড়ায় গ্রামীণফোনের গুদামঘর থেকে নৈশপ্রহরী আনছার রহমানের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে পার্বতীপুর জিআরপি থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, আনছার সিকুরেন্স নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। তাঁর বাড়ি পার্বতীপুর শহরের বাবুপাড়ায়।
হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে হাকিমপুর উপজেলার ষষ্টিপাড়া গ্রামের লুৎফর রহমানের পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। লাশের মুখমণ্ডল ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওসি মোখলেছুর রহমান জানান, দুই-তিন দিন আগে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ওই ব্যক্তির লাশ কোনো কিছু দিয়ে পুকুরে ডুবিয়ে রাখা হয়।
প্রতিবেদনটি তৈরিতে আমাদের দিনাজপুর অফিস এবং ঠাকুরগাঁও, সৈয়দপুর (নীলফামারী) ও বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি সহায়তা করেছেন।