দুই জেলায় পরিবহন ধর্মঘট, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক-মহাসড়কে নছিমন, করিমন, ভটভটিসহ সব অবৈধ যান চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে কুড়িগ্রামে গতকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এই ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে জেলা সদরসহ নয়টি উপজেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়েন।
এদিকে অবৈধ যান চলাচল বন্ধসহ আট দফা দাবিতে লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতি, জেলা ট্রাক ও ট্যাংক লরি এবং জেলা বাস-মিনিবাস-ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের গত সোমবার থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতকালও অব্যাহত ছিল। তবে গতকাল বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করে নেয় মোটর মালিক সমিতি।
কুড়িগ্রাম থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুরসহ সারা দেশে দূরপাল্লার এবং অভ্যন্তরীণ সব পথে বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস ও ট্যাংক লরিসহ সব ধরনের যানবাহন চলাচল গতকাল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জেলা পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী জানান, প্রধান সড়কে অবৈধ যান চলাচল ও বর্ধিত বিআরটিসি বাস বন্ধ এবং রাস্তায় অবৈধ পৌর টোল আদায় বন্ধ করার দাবিতে তাঁরা এই ধর্মঘটের ডাক দিয়েছেন।
সোমবার থেকে লালমনিরহাটে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত থাকায় গতকাল জেলার বুড়িমারী স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পণ্যবাহী ট্রাক দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে পারেনি। ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ধর্মঘটের কারণে যাত্রীবাহী বাস চলাচল না করায় সাধারণ যাত্রী এবং ভারত, নেপাল ও ভুটান থেকে আগত যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।