দুই জেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম ও ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। একইভাবে টাঙ্গাইলের মির্জাপুরে মারা গেছে আরেক শিশু। গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। এদের প্রত্যেকের বয়স তিন থেকে পাঁচ বছর।
লাকসামে গতকাল বেলা তিনটার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে শিশু পিয়া (৩) পানিতে ডুবে মারা যায়। সে উপজেলার উত্তরদা ইউনিয়নের বরইমুড়ি (শেরপুর) গ্রামের মো. ইউসুফের মেয়ে।
হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, পিয়া পুকুরে পড়ে গেলে তার সঙ্গে থাকা শিশুরা চিৎকার করে ওঠে। এ সময় আশপাশের লোকজন গিয়ে সংজ্ঞাহীন অবস্থায় পিয়াকে উদ্ধার করে। তাকে দ্রুত লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়ার রামনগর গ্রামে গতকাল দুপুরে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারায় রিনি আক্তার (৫)। সে উপজেলার মালাপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। শিশুটির পরিবার জানায়, রিনি ও তার সমবয়সী এক চাচাতো ভাই পুকুর পাড়ে খেলতে গিয়ে দুজনেই পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করে দেবীদ্বার হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিনিকে মৃত ঘোষণা করেন। আর তার চাচাতো ভাই চিকিৎসাধীন। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শফিকুল ইসলামের ছেলে আসিফ (৪) মারা যায়। গতকাল বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রোববার মা-বাবার সঙ্গে শিশুটি গাজীপুরের কোনাবাড়ী থেকে নানার বাড়িতে এসেছিল। দুপুরের পর সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু আসিফকে মৃত ঘোষণা করেন।